

মমিনুল ইসলাম, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. মাহবুবুর রহমান লিটন বড় ব্যবধানে বিজয় অর্জন করেছেন। তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মো. আছাদুজ্জামান সোহেলকে ১৪ হাজার ৬০৪ ভোটে পরাজিত করেন।
সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে বৃহস্পতিবার রাতে ঘোষিত ফলাফল অনুযায়ী, আসনের ১২১টি ভোটকেন্দ্রে মোট ২ লাখ ২৬ হাজার ৩২১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন, যা মোট ভোটারের ৫৬.৬৩ শতাংশ। এ আসনে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
ঘোষিত ফলাফলে দেখা যায়, বিএনপি মনোনীত প্রার্থী ডা. মাহবুবুর রহমান লিটন ধানের শীষ প্রতীকে পান ৯৮ হাজার ২২১ ভোট। জামায়াত মনোনীত প্রার্থী মো. আছাদুজ্জামান সোহেল দাঁড়িপাল্লা প্রতীকে পান ৮৩ হাজার ৬১৭ ভোট। স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ আনোয়ার সাদাত কাপ-পিরিচ প্রতীকে পান ৩২ হাজার ৯৯৫ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. ইব্রাহীম খলিল উল্লাহ হাতপাখা প্রতীকে পান ৪ হাজার ২৪ ভোট। স্বতন্ত্র প্রার্থী মো. জয়নাল আবেদীন মোটরসাইকেল প্রতীকে পান ১ হাজার ৪৬ ভোট এবং জাতীয় পার্টির প্রার্থী মো. জহিরুল ইসলাম লাঙ্গল প্রতীকে পান ৫৪৪ ভোট।
এ ছাড়া অনুষ্ঠিত গণভোটে ‘হ্যাঁ’ প্রতীক পায় ১ লাখ ৪৭ হাজার ১৫ ভোট এবং ‘না’ প্রতীকে পড়ে ৪৪ হাজার ৭৮৬ ভোট।
ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটগ্রহণের দিন সকাল থেকেই উপজেলার বিভিন্ন কেন্দ্রে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়। নারী-পুরুষ, তরুণ ও প্রবীণ ভোটারদের দীর্ঘ লাইন ছিল চোখে পড়ার মতো। প্রথমবার ভোট দিতে আসা তরুণদের মধ্যেও ছিল উচ্ছ্বাস। প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী বলেন, ভোটারদের উপস্থিতিতে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি কেন্দ্রে শৃঙ্খলা বজায় ছিল। প্রার্থীদের সহযোগিতায় ভোটগ্রহণ ও গণনা প্রক্রিয়া স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে। ভোটের পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয় ছিল। ভোটের সময় এবং ভোট-পরবর্তী সময়ে কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।
