

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় সহপাঠীদের সাথে তিস্তা নদীতে গোসল করতে গিয়ে তামিম ইসলাম (০৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (০১ ডিসেম্বর) দুপুরে উপজেলার গড্ডিমারী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের উত্তর পাড়া এলাকায় এ ঘটনাটি ঘটেছে। নিহত তামিম ইসলাম হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের উত্তর পাড়া এলাকার রাশেদ ইসলামের ছেলে।
জানা গেছে, সোমবার দুপুরে তিন সহপাঠীসহ তিস্তা নদীতে গোসল করতে যান তামিম। এমতাবস্থায় গোসল করার সময় তামিম পানিতে ডুবে যায়। এ সময় সহপাঠীরা তাকে খোঁজাখুঁজি করে না পেলে তার পরিবারকে খবর দেয়। পরে পরিবারের লোকজন এসে অনেক খোঁজাখুঁজি করে না পেলে হাতীবান্ধা ফায়ার সার্ভিসকে খবর দেন। তৎক্ষনাৎ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল এসে তামিমকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
তিস্তা নদীতে গোসল করতে গিয়ে তামিমের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন গড্ডিমারী ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া।
এ বিষয়ে হাতীবান্ধা ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সাইয়েদ মো: ইমরান বলেন, খবর পয়ে ফায়ার সার্ভিসের একটি দল নদী থেকে তামিম নামের এক শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করে।

