ঢাকা
logo
প্রকাশিত : July 20, 2026

ব্যক্তিগত পুরস্কারে স্পেনের দাপট, গোল্ডেন বুট ধরে রাখলেন এমবাপ্পে

বিশ্বকাপের শিরোপা জয়ের পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারেও দাপট দেখিয়েছে স্পেন। তবে গোল্ডেন বুট ধরে রেখেছেন ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপ্পে। অন্যদিকে টুর্নামেন্টসেরা খেলোয়াড়ের গোল্ডেন বল জিতেছেন স্পেনের অধিনায়ক রদ্রি।

২০২৬ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর তিনটি ব্যক্তিগত পুরস্কারই নিজেদের করে নেয় স্পেন। গোল্ডেন বল জেতেন রদ্রি, সেরা গোলরক্ষকের গোল্ডেন গ্লাভস পান উনাই সিমোন এবং সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জেতেন ১৯ বছর বয়সী ডিফেন্ডার পাউ কুবারসি। এই বিভাগে তিনি সতীর্থ লামিন ইয়ামালকে পেছনে ফেলেন।

৩৯ বছর বয়সী লিওনেল মেসি টানা দ্বিতীয়বার আর্জেন্টিনাকে ফাইনালে তুললেও এবার আর তৃতীয় গোল্ডেন বল জেতা হয়নি তার। এর আগে ২০১৪ ও ২০২২ সালে এই পুরস্কার জিতেছিলেন তিনি। এবার তাকে রুপার সিলভার বল নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। আর ব্রোঞ্জ বল পেয়েছেন এমবাপ্পে।

রদ্রির দুর্দান্ত প্রত্যাবর্তনের স্বীকৃতি মিললো এবারের আসরে। হাঁটুর অস্ত্রোপচারের কারণে আট মাস মাঠের বাইরে থাকার পর, ফিরে এসে বিশ্বকাপ জিতে গোল্ডেন বলও নিজের করে নিলেন তিনি।

পুরস্কার জয়ের পর তিনি বলেন, সময়টা আমার জন্য খুব কঠিন ছিল। নতুন প্রজন্মকে আমি দেখাতে চাই, পড়ে গেলেও আবার উঠে দাঁড়ানো যায়। এটাই আমার জীবনের দর্শন।

পুরো টুর্নামেন্টে কোনো গোল বা অ্যাসিস্ট না করলেও স্পেনের বল দখলভিত্তিক ফুটবলের মূল চালিকাশক্তি ছিলেন রদ্রি। তিনি সর্বোচ্চ ৭৫৩টি সফল পাস দেন, যার সফলতার হার ছিল ৯৪ শতাংশ। ফিফার পরিসংখ্যান অনুযায়ী, ম্যাচে তার সম্পৃক্ততা ছিল ১,৮০৩টি, যা অন্য যেকোনো খেলোয়াড়ের চেয়ে প্রায় ২০০ বেশি।

এর মধ্য দিয়ে, ১১তম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও ব্যালন ডি'অর— এই তিনটি শিরোপা জেতা ফুটবলারও হলেন রদ্রি।

গোল্ডেন গ্লাভস হাতে উনাই সিমন
আবার, স্পেনের গোলরক্ষক উনাই সিমোন আট ম্যাচে মাত্র একটি গোল হজম করে ৭টি ক্লিনশিট রাখেন, যা বিশ্বকাপের নতুন রেকর্ড। অন্যদিকে, বার্সেলোনার তরুণ ডিফেন্ডার পাউ কুবারসি স্পেনের দুর্ভেদ্য রক্ষণভাগের অন্যতম ভরসা ছিলেন। ২০১৮ সালে এমবাপ্পের পর, তিনি ও লামিন ইয়ামাল ১৯ বছর বয়সে বিশ্বকাপজয়ী দলের হয়ে ফাইনাল শুরু করা প্রথম কিশোর ফুটবলার।

আবার গোল্ডেন বুটে রয়েছে এমবাপ্পের রাজত্ব। টানা দ্বিতীয়বার বিশ্বকাপের গোল্ডেন বুট জিতে নেন কিলিয়ান এমবাপ্পে। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে দুটি গোল ও একটি অ্যাসিস্ট করে টুর্নামেন্ট শেষ করেন ১০ গোল ও ৪ অ্যাসিস্ট নিয়ে। সেমিফাইনাল পর্যন্ত মেসি ও এমবাপ্পে দুজনেরই গোল ছিল ৮টি। তবে একটি বেশি অ্যাসিস্ট থাকায় এগিয়ে ছিলেন মেসি। কিন্তু তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জোড়া গোল করে ফরাসি তারকা গোল্ডেন বুট নিশ্চিত করেন।

এর মাধ্যমে ১৯৭০ সালে জার্মান কিংবদন্তি জার্ড মুলারের পর এক বিশ্বকাপে ১০ গোল করা প্রথম ফুটবলার হলেন এমবাপ্পে। একই সঙ্গে বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ২২, যা মেসির ২১ গোলের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram