ঢাকা
logo
প্রকাশিত : July 14, 2026

দেশে ফিরে বীরোচিত সংবর্ধনা পেলো হালান্ডরা

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েও দেশে ফিরেই বীরোচিত সংবর্ধনা পেয়েছে আর্লিং হালান্ডের নরওয়ে। দেশটির রাজধানী অসলোর রাস্তায় নেমে দলটিকে স্বাগত জানাতে জড়ো হন এক লাখেরও বেশি সমর্থক। বিশ্বকাপের হতাশা মুহূর্তেই পরিণত হয় জাতীয় উদযাপনে।

সোমবার (১৩ জুলাই) দুপুর থেকেই রাজপ্রাসাদ চত্বরে ভিড় করতে শুরু করেন সমর্থকেরা। গত রোববার (১২ জুলাই) অতিরিক্ত সময়ে ইংল্যান্ডের কাছে ২-১ গোলে হেরে সেমিফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে যায় নরওয়ের। তবুও, দলের ঐতিহাসিক বিশ্বকাপ অভিযানকে সম্মান জানাতে সেখানে উপস্থিত ছিলেন এক লাখেরও বেশি মানুষ।

দেশে ফেরার পর বিমানবন্দরে ঐতিহ্যবাহী ‘ওয়াটার ক্যানন স্যালুট’-এর মাধ্যমে অভ্যর্থনা জানানো হয় ভাইকিংসদের। এরপর রাজধানীতে শুরু হয় তাদের বিজয় শোভাযাত্রা।

সমর্থকদের দীর্ঘ সারি রাজপ্রাসাদ চত্বর ছাড়িয়ে কার্ল জোহানস গাতে পর্যন্ত বিস্তৃত হয়। এর আগে নরওয়ে দলের খেলোয়াড়রা রাজা পঞ্চম হ্যারাল্ডের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

পরে খেলোয়াড়রা রাজপ্রাসাদের সিঁড়িতে এসে সমর্থকদের শুভেচ্ছা জানান। এ সময় তাদের পেছনে আনুষ্ঠানিক অবস্থানে ছিল রয়্যাল গার্ড।

তবে উদযাপনের শেষ পর্বে দেখা যায়নি দলের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ডকে। নির্ধারিত ফ্লাইট ধরতে অনুষ্ঠান শেষ হওয়ার আগেই তিনি স্থান ত্যাগ করেন।

ফলে সতীর্থদের সঙ্গে রাজপ্রাসাদের সিঁড়িতে দাঁড়িয়ে সমর্থকদের সঙ্গে ঐতিহ্যবাহী ‘ভাইকিং রো’ উদযাপনে অংশ নিতে পারেননি হালান্ড। হাজারো সমর্থকের সঙ্গে এই বিশেষ আয়োজনের নেতৃত্ব দেন ক্রাউন প্রিন্স হাকন, যিনি ড্রাম বাজিয়ে উদযাপনে অংশ নেন।

হালান্ডের অনুপস্থিতির ব্যাখ্যা দিয়ে নরওয়ের প্রধান কোচ স্টলে সলবাকেন বলেন, যুক্তরাষ্ট্র থেকে ফেরার পথে আমাদের ফ্লাইট চার ঘণ্টা বিলম্বিত হয়েছিল। তাই আর্লিং এবং সান্ডার বের্গেকে তাদের নির্ধারিত ফ্লাইট ধরতে আগেই চলে যেতে হয়েছে।

এরপর, নরওয়ে দলকে নিয়ে অসলোর বিভিন্ন সড়কে খোলা ছাদের বাসে করে বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বিশ্বকাপ জিততে না পারলেও দেশের ফুটবলে নতুন আশা জাগানো এই দলকে অভিনন্দন জানাতে রাস্তায় নেমে আসে লাখো সমর্থক।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram