ঢাকা
৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:২৫
logo
প্রকাশিত : জুলাই ৭, ২০২৬

স্পেনের কাছে হেরে পর্তুগালের কোচের পদ ছাড়লেন রবার্তো মার্তিনেজ

ড্যালাস স্টেডিয়ামে ৯১ মিনিটে মিকেল মেরিনোর সেই আত্মঘাতী গোলের ধাক্কা কেবল ক্রিস্টিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপের স্বপ্নকেই চূর্ণ করেনি, বরং তা পর্তুগাল ফুটবলের একটি চেনা সাইকেল বা অধ্যায়েরও চিরতরে অবসান ঘটিয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) স্পেনের কাছে ১-০ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই পর্তুগাল জাতীয় ফুটবল দলের কোচের পদ থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন স্প্যানিশ মাস্টারমাইন্ড রবার্তো মার্তিনেজ।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে অত্যন্ত আবেগঘন ও দৃঢ় কণ্ঠে ৫২ বছর বয়সী এই কোচ সাফ জানিয়ে দেন, পর্তুগাল ড্রেসিংরুমে এখন একজন নতুন নেতা এবং নতুন কণ্ঠস্বরের প্রয়োজন।

মার্তিনেজ বলেন, পর্তুগালে আমি বিশ্বকাপ জিততে এসেছিলাম। যেহেতু আমরা সেটা জিততে পারিনি, তাই এখানে আমার আর চালিয়ে যাওয়ার কোনো মানে হয় না। এখানেই আমার শেষ।

সাড়ে তিন বছরেরও বেশি সময় ধরে পর্তুগালের ডাগআউট সামলানো মার্তিনেজ প্রকাশ করেন যে, মঙ্গলবার (৭ জুলাই) ম্যাচ শেষ হওয়ার সাথেই মূলত তার চুক্তির মেয়াদও শেষ হয়ে গেছে। নিজের মেয়াদের মূল্যায়ণ করতে গিয়ে কিছুটা ক্ষোভের সুরেই তিনি যোগ করেন, প্রথমত, আমরা ব্যর্থ হইনি। আমরা টুর্নামেন্টের অন্যতম হট-ফেভারিটের কাছে হেরেছি। আমরা মাঠে সমানে-সমানে লড়েছি, নিজেদের সেরাটা দিয়েছি। তবে বিশ্বকাপ জয়ের লক্ষ্য পূরণ না হওয়ায় এই চক্রের এখানেই ইতি টানা উচিত।

উয়েফা ইউরো ২০২৪-এর কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের পর ২০২৪-২৫ মরশুমে এই স্পেনকেই টাইব্রেকারে হারিয়ে পর্তুগালকে উয়েফা নেশনস লিগের ট্রফি এনে দেওয়াটাই ছিল মার্তিনেজ জমানার সবচেয়ে বড় সাফল্য। আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে ক্রিস্টিয়ানো রোনালদোকে ২৩৩ ম্যাচের অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার পেছনেও তার বড় ভূমিকা ছিল। মার্তিনেজের এই আকস্মিক বিদায়ের পর পর্তুগিজ ফুটবল মহলে ইতোমধ্যেই গুঞ্জন শুরু হয়েছে যে, আল-নাসরের হয়ে রোনালদোকে লিগ জেতানো অভিজ্ঞ কোচ হোর্হে জেসুস হতে পারেন পর্তুগালের পরবর্তী ডাগআউট জেনারেল।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram