ঢাকা
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:৩২
logo
প্রকাশিত : জুন ২৭, ২০২৬

জর্দানের বিপক্ষে একাদশে খেলবেন না মেসি, কারণ কী

বিশ্বকাপের গ্রুপ পর্বে দুর্দান্ত ছন্দে থাকা লিওনেল মেসিকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছে না আর্জেন্টিনা। ‘জে’ গ্রুপের শেষ ম্যাচে জর্দানের বিপক্ষে শুরুর একাদশে থাকছেন না অধিনায়ক।

তবে বদলি হিসেবে মাঠে নামতে পারেন তিনি। সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। তিনি বলেন, ‘লিও শুরুতে বেঞ্চে থাকবে। পরে ম্যাচের কোনো একপর্যায়ে তাকে মাঠে নামানো হবে।

’ইতিমধ্যেই আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে টানা দুই জয়ে রাউন্ড অব ৩২ নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। তাই জর্দানের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচে দলের সবচেয়ে বড় তারকাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট।

এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত আর্জেন্টিনার পাঁচটি গোলই এসেছে মেসির পা থেকে। প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করার পর অস্ট্রিয়ার বিপক্ষেও জোড়া গোল করেন তিনি।

এর মধ্য দিয়ে বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৮-তে, যা টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড স্পর্শ করেছিলেন মেসি। এরপর অস্ট্রিয়ার বিপক্ষে দুই গোল করে সেই রেকর্ড ভেঙে এককভাবে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হন আর্জেন্টাইন মহাতারকা।

এখন পর্যন্ত আর্জেন্টিনার হয়ে ২০১টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মেসি। বিশ্বকাপে এটি তার ষষ্ঠ আসর এবং তিনি ইতিমধ্যেই রেকর্ড ২৮টি বিশ্বকাপ ম্যাচ খেলেছেন।

টানা ছয়টি বিশ্বকাপে গোল করার কীর্তিও গড়েছেন তিনি, যা এর আগে শুধু ফ্রান্সের জুস্ত ফন্টেইন ও ব্রাজিলের জর্জিনহোর ছিল।বিশ্বকাপ শুরুর আগে ইন্টার মায়ামির হয়ে খেলার সময় হ্যামস্ট্রিংয়ে সামান্য চোটে ভুগছিলেন মেসি। যদিও টুর্নামেন্টে এখন পর্যন্ত তার ফিটনেস নিয়ে কোনো সমস্যা দেখা যায়নি। তারপরও নকআউট পর্বের আগে তাকে সতেজ রাখতে এই ম্যাচে বিশ্রাম দিচ্ছে আর্জেন্টিনা।

জর্দানের বিপক্ষে ম্যাচ শেষে নকআউট পর্বে নিজেদের অভিযান শুরু করবে স্কালোনির দল। বিশ্বকাপের নতুন ৪৮ দলের ফরম্যাটে ফাইনালে উঠতে হলে আর্জেন্টিনাকে টানা পাঁচটি নকআউট ম্যাচ খেলতে হবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram