ঢাকা
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১:১০
logo
প্রকাশিত : জুন ২৫, ২০২৬

স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল, তিন বছর পর ফিরলেন নেইমার

২০২৬ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ভিনিসিউসের জোড়া গোল, আর একই ম্যাচে তিন বছর পর ব্রাজিল দলে আবারও নেইমারের ফেরা। সেলেসাও ভক্তদের জন্য দিনটা যেন ভীষণ আনন্দের। এই আনন্দের দিনে স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

বৃহস্পতিবার (২৫ জুন) যুক্তরাষ্ট্রের মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে ৬৪ হাজারের বেশি দর্শকের সামনে অনুষ্ঠিত ম্যাচে, শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে কার্লো আনচেলত্তির দল। এই জয়ে সাত পয়েন্ট নিয়ে গ্রুপ ‘সি’-এর শীর্ষে থেকে শেষ ৩২ নিশ্চিত করেছে ব্রাজিল। একই গ্রুপ থেকে রানার্সআপ হিসেবে পরের রাউন্ডে উঠেছে মরক্কো।

ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যায় ব্রাজিল। স্কটল্যান্ডের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে রায়ানের পাস থেকে সহজেই গোল করেন ভিনিসিউস। প্রথমার্ধের যোগ করা সময়ে আবারও গোল করেন, ব্রাজিলের এই রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। ব্রুনো গিমারেইসের ক্রস থেকে হেডে বল জালে জড়িয়ে নিজের এবং দলের দ্বিতীয় গোলটি করেন তিনি।

দ্বিতীয়ার্ধেও আধিপত্য ধরে রাখে ব্রাজিল। ৬৩তম মিনিটে গিমারেইসের আরেকটি অ্যাসিস্ট থেকে গোল করেন মাতেউস কুনিয়া। টুর্নামেন্টে এটি তার তৃতীয় গোল।

তবে, ম্যাচের সবচেয়ে বড় মুহূর্ত আসে শেষ দিকে। ২০২৩ সালের অক্টোবরের পর, ৯৮১ দিন পরে প্রথমবারের মতো জাতীয় দলের জার্সিতে মাঠে নামেন নেইমার। বদলি হিসেবে মাঠে নামার সময় গ্যালারিজুড়ে করতালিতে তাকে স্বাগত জানান সমর্থকেরা।

এদিকে, পুরো ম্যাচে তেমন কোনো প্রতিরোধ গড়তে পারেনি স্কটল্যান্ড। আর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করে দলকে ক্লিনশিট উপহার দেন ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসন বেকার।

এই জয়ে বিশ্বকাপের শিরোপা লড়াইয়ে নিজেদের শক্ত অবস্থানের জানান দিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আর ভিনিসিউসও টুর্নামেন্টে চার গোল করে গোলদাতাদের তালিকায় উঠে এসেছেন শীর্ষ সারিতে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram