ঢাকা
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:২৫
logo
প্রকাশিত : মার্চ ১৬, ২০২৬

স্বপ্ন দেখতে সমস্যা নেই, ২০ সেঞ্চুরির থেকেও বেশি হতে পারে: তানজিদ

তানজিদ হাসান তামিমের ব‌্যাটিংয়ের বড় ভক্ত তারই কোচ হান্নান সরকার। নানা সময়ে তানজিদকে নিজের স্কোয়াডে পেয়েছেন হান্নান। সেই থেকে দুজনের সখ‌্যতা দারুণ।

গতকাল পাকিস্তানের বিপক্ষে ক‌্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি পেয়েছেন তানজিদ। এজন্য তাকে অপেক্ষা করতে হয়েছে ৩০ ইনিংস। এর আগে তার ফিফটি পেরোনো ইনিংস আছে ৫টি। কিন্তু সেঞ্চুরির স্বাদ কখনো পাননি। সর্বোচ্চ রান ছিল ৮৪, শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামে।

শিষ্যকে শুভেচ্ছা জানিয়ে হান্নান বড় প্রত্যাশার কথা বলেছেন, ‘‘ওয়ানডেতে তামিমের একটা সেঞ্চুরি দেখার অপেক্ষায় - প্রথম ম্যাচ শেষে লিখেছিলাম। সেই মুহূর্তটা অবশেষে এসেই গেল! প্রথম সেঞ্চুরি সবসময়ই স্পেশাল। আশা করি, ওয়ানডেতে তামিমের (তানজিদের) নামের পাশে অন্তত ২০টা সেঞ্চুরি দেখব। আমার বিশ্বাস, ওর পক্ষে আমার এই চাওয়াটাও পূরণ করা খুব ভালোভাবেই সম্ভব।’’

কোচ যে বিশ্বাসের রেণু ছড়িয়ে দিয়েছেন, সম্ভাবনার যে পতাকা উঁচিয়ে ধরেছেন—তা কি সত্যিই শিষ্যের পক্ষে পূরণ করা সম্ভব?

সেঞ্চুরিতে দলকে জেতানো, সিরিজ সেরার পুরস্কার পাওয়ার পর সংবাদ সম্মেলনে এসেছিলেন তানজিদ। তার কাছে সেই প্রশ্ন করা হয়েছিল। আত্মবিশ্বাস নিয়ে তামিমও সেই আশা দেখালেন, ‘‘চেষ্টা করব। হয়তো বা এর থেকেও বেশি হতে পারে। স্বপ্ন দেখতে তো কোন সমস্যা নেই। অবশ্যই চেষ্টা করব।’’ বাংলাদেশের হয়ে ওয়ানডেতে এখন পর্যন্ত সর্বোচ্চ ১৪ সেঞ্চুরি করেছেন তামিম ইকবাল।
১০৭ বলে তানজিদ ১০৭ রান করেছেন ৬ চার ও ৭ ছক্কায়। উইকেটের চারিপাশে দৃষ্টিনন্দন সব শট খেলে দর্শকদের আনন্দে মাতিয়ে রাখেন। হারিস রউফকে ফ্লিক করে ছক্কা, মাআজ সাদাকাতকে মিড উইকেট দিয়ে উড়ানো কিংবা ফাহিম আশরাফকে ফাইন লেগ দিয়ে ছক্কা এবং আবরারকে পাড়ার বোলার বানিয়ে চার-ছক্কার স্রোতে ভাসানোর কাজটা তানজিদ করেছেন সুনিপুণভাবে।

সেঞ্চুরিতে পৌঁছতেও মেরেছিলেন ছক্কা। ৯৪ রানে থাকতে স্পিনার সালমান আগার বল লং অফের ফিল্ডারের মাথার ওপর দিয়ে ছক্কা মারেন তানজিদ। ওই শটের ব্যাখ্যা দিতে গিয়ে তানজিদ বলেছেন, ‘‘আমি তখন পুরোপুরি ক্লিয়ার মাইন্ডে ছিলাম। ক্লিয়ার মাইন্ড না থাকলে এমন সময়ে কেউ ঝুঁকিপূর্ণ শট খেলে না। আমার মনে হয়েছে ওই বলটা মারার মতো ছিল, তাই নিজের সিদ্ধান্তেই শটটা খেলেছি।’’

নিজের সেঞ্চুরি নিয়ে বেশ উচ্ছ্বসিত তানজিদ। সঙ্গে দল জেতায় খুশি তিনি, ‘‘আমি সব সময় দলের জন্য অবদান রাখার কথাই ভাবি। আগের কয়েকটি ম্যাচে ভালো শুরু পেয়েও বড় ইনিংস খেলতে পারিনি। তাই এবার চেষ্টা করেছি শুরুটা বড় ইনিংসে রূপ দিতে। সঙ্গে আমরা সিরিজটা জিততে পেরেছি। আজকের ম্যাচটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। সে কারণেই আমরা পরিকল্পনা করেছিলাম শুরুটা ভালো করার। চেষ্টা ছিল উইকেটে যতটা সম্ভব লম্বা সময় থাকা। প্রথম ২০ ওভারে বল খুব একটা ব্যাটে আসছিল না, আবার পরে বল পুরোনো হলে রিভার্স সুইং শুরু হচ্ছিল। তাই লক্ষ্য ছিল ধৈর্য ধরে খেলতে পারা। আর আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি অবশ্যই আমার জন্য বিশেষ একটি মুহূর্ত।’’

এই সেঞ্চুরির জন‌্য তার অপেক্ষাটা দীর্ঘদিনের। ২০২৩ সালে অভিষেকের পর জাতীয় দলে নিয়মিত ক্রিকেটার তিনি। ২০২৩ বিশ্বকাপও খেলেছেন। অথচ সেঞ্চুরি নেই একটি। নিজের বড় দিনে আক্ষেপটা ‍লুকাতে পারেননি বাঁহাতি ব‌্যাটসম‌্যান, ‘‘অবশ্যই একটু খারাপ লাগে, কারণ হয়তো সেঞ্চুরিটা আরও আগেই আসতে পারত। এর আগে কয়েকটা ভালো ইনিংস ছিল, কিন্তু সেগুলো বড় করতে পারিনি। তবে অতীত নিয়ে বেশি ভাবতে চাই না। সামনে এগিয়ে যেতে চাই এবং চেষ্টা করব এই ভালো ফর্মটা যতদিন সম্ভব ধরে রাখতে।’’

‘‘আমি খুব দূরের লক্ষ্য নিয়ে ভাবতে চাই না। সব সময় বর্তমানেই থাকতে পছন্দ করি। সামনে যে সিরিজই আসুক, প্রতিটি ম্যাচে দলের জন্য অবদান রাখার চেষ্টা করব। প্রত্যেক ব্যাটসম্যানেরই ইচ্ছে থাকে সেঞ্চুরি করার, আমারও আছে। তবে মূল লক্ষ্য থাকবে দলকে জেতাতে সাহায্য করা।’’ – যোগ করেন তিনি।

ক‌্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দিনে প্রথম ম‌্যাচ সেরার পুরস্কারও পেয়েছেন তানজিদ। সঙ্গে ১৭৫ রান করে প্রথম সিরিজ সেরাও হয়েছেন বাঁহাতি ব‌্যাটসম‌্যান। পাকিস্তানের বিপক্ষে সিরিজটি তার আর্শীবাদ হয়ে এসেছে। সামনে এই ধারাবাহিকতা থাকলে শুধু হান্নানেরই কেন, বাংলাদেশেরও স্বপ্ন পূরণ হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram