

রোহিঙ্গা সংকট মোকাবিলায় দীর্ঘদিন ধরে বাংলাদেশ প্রতিক্রিয়াশীল কূটনীতির ওপর নির্ভর করে এসেছে। কিন্তু মিয়ানমারের সময়ক্ষেপণের কৌশল, মিথ্যা প্রচারণা এবং চীন-রাশিয়া -ভারতের অক্ষের ওপর নির্ভরশীলতা সবসময় এই পদ্ধতির বিরুদ্ধে কাজ করেছে। আগের সরকারের পরাশক্তি চীন ও রাশিয়ার প্রতি নতজানু মনোভাব মিয়ানমারকে বিশ্ব সভায় জবাবদিহিতার আওতার বাইরে রাখতে সাহায্য করেছে। তারা মিয়ানমারের সামরিক জান্তাকে রাজনৈতিক ও অর্থনৈতিক সহায়তা দিয়ে গেছে, যা মানবাধিকারকে অগ্রাধিকার না দিয়ে মিয়ানমারের সম্পদ ও কৌশলগত অবস্থানে তাদের স্বার্থের কথা চিন্তা করেই করা হয়েছে।
– আবু রুশদ, এম. জাকির হোসেন খান এবং সালমান চৌধুরী
ড. ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ এখন রোহিঙ্গা সংকটের এক জটিল মোড়ে দাঁড়িয়ে। মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন পরিস্থিতি উদ্ভব হওয়ায় বাংলাদেশের জন্য কৌশলগত পদক্ষেপ নেয়া অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রতিক সংবাদ অনুযায়ী, রাখাইনে বৌদ্ধ সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি সম্পূর্ণভাবে মংডুর মতো কৌশলগত এলাকাগুলো দখল করে নিয়েছে যেখানে ২৭১ কিলোমিটার বিস্তৃত সীমান্ত বাংলাদেশের সাথে লাগোয়া। পরিস্থিতির এই পরিবর্তনের ফলে ইতিপূর্বে এই অঞ্চলে চরম নিপীড়নের শিকার রোহিঙ্গাদের ওপর নতুন করে সহিংসতার আশঙ্কা তৈরি হয়েছে।
কৌশলগত হাইগ্রাউন্ড কেন গুরুত্বপূর্ণ?
যুদ্ধক্ষেত্রে কৌশলগত হাই গ্রাউন্ড দখল মানে হলো যুদ্ধের নিয়ন্ত্রণ করা। অন্যথায় প্রতিপক্ষের দয়ার উপর নির্ভর করা। হাই গ্রাউন্ড থেকে শত্রুর গতিবিধি স্পষ্ট দেখা যায়, যা একটি প্রতিরক্ষামূলক অবস্থান এবং এটাই যুদ্ধের গতি ও দিকনির্দেশনা নিয়ন্ত্রণের সুযোগ করে দেয়। এ অবস্থান থেকে শত্রুর বিকল্পগুলো সীমিত করে দেয়া হয়, তাদের সম্পদ নিঃশেষ করা হয় এবং তারা হাই গ্রাউন্ড দখলকারীদের শর্তে সাড়া দিতে বাধ্য হয়।
তাই নির্দ্বিধায় বলা যায় যে, রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশকে রূপক অর্থে একই কৌশলগত হাই গ্রাউন্ড দখল করতে হবে যেকোনো উপায়ে। এটি একটি কূটনৈতিক, অর্থনৈতিক এবং কৌশলগত অবস্থান। এর অর্থ হবে আসিয়ান (ASEAN) সহযোগীদের একত্রিত রাখা, বার্মা অ্যাক্টের মতো বৈশ্বিক নীতিকে বাংলাদেশের স্বার্থে কাজে লাগানো এবং সুস্পষ্ট ও একতাবদ্ধ বার্তা প্রদানের মাধ্যমে মিয়ানমার জান্তা ও আরাকান আর্মিকে চাপে রাখা। এই হাইগ্রাউন্ড দখল করে বাংলাদেশ সংকটকে নিয়ন্ত্রিত একটি পর্যায়ে নিয়ে যেতে পারবে এবং মিয়ানমারের বিভিন্ন পক্ষকে এমন শর্তে আলোচনায় বসতে বাধ্য করতে পারবে যা বাংলাদেশের জাতীয় নিরাপত্তার সঙ্গে সাংঘর্ষিক নয়।
প্রতিক্রিয়াশীল কূটনীতি: ব্যর্থতার ধারাবাহিকতা
মিয়ানমার সবসময়ই আলোচনার প্রক্রিয়াকে ধীর করে দেয়া সহ মিথ্যা প্রচারণা ছড়ানো এবং চীন, রাশিয়া ও ভারতের ওপর নির্ভর করে প্রতিক্রিয়াশীল কূটনীতিকে ভোঁতা করে দিয়েছে। আগের সরকারের নতজানু অবস্থান ওই পরাশক্তিগুলোকে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক পদক্ষেপ থেকে বিরত রাখতে সহায়তা করেছে।
চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (BRI)- প্রকল্পের আওতায় মিয়ানমারে বিনিয়োগ, রাশিয়ার সামরিক সহায়তা এবং ভারতের কৌশলগত স্বার্থ মিলে এই সংকটকে দীর্ঘস্থায়ী করেছে। এই দেশগুলো মানবাধিকারকে অগ্রাধিকার না দিয়ে বরং মিয়ানমারের সম্পদ এবং কৌশলগত স্থানে স্থিতিশীলতা নিশ্চিত করতে চেয়েছে। ফলে, বিচ্ছিন্ন কূটনৈতিক প্রচেষ্টা ও তাৎক্ষণিক আলোচনার মাধ্যমে পরিস্থিতি বদলানোর প্রচেষ্টা বারবার ব্যর্থ হয়ে গেছে।
কৌশলগত হাইগ্রাউন্ড হচ্ছে এই ব্যর্থতার চক্র থেকে বের হওয়ার একমাত্র উপায়। এর জন্য প্রয়োজন এমন একটি প্রভাব তৈরি করা যা মিয়ানমার, আরাকান আর্মি এবং তাদের আন্তর্জাতিক মিত্রদের জন্য যেকোনো কৌশলগ্রহণ অত্যন্ত ব্যয়বহুল হয়ে দাঁড়ায়।
প্রথম পথ: রাষ্ট্রীয় পর্যায়ের কূটনীতি – আসিয়ানের সঙ্গে ঐক্য গঠন
প্রথমত, এটি হতে হবে রাষ্ট্রীয় পর্যায়ের কূটনীতি, যেখানে বাংলাদেশ সরাসরি আসিয়ানের নেতাদের কাছে নিজের অবস্থান তুলে ধরবে। লক্ষ্য হবে একটি ঐক্যবদ্ধ আঞ্চলিক অবস্থান তৈরি করা, যা রাখাইন রাজ্যের অস্থিতিশীলতার বৃহৎ ঝুঁকি তুলে ধরবে আঞ্চলিক ও বৈশ্বিক পরিমন্ডলে।
এদিকে আসিয়ান দীর্ঘদিন ধরে মিয়ানমার নিয়ে বিভক্ত। এর কিছু সদস্য অংশগ্রহণমূলক নীতি সমর্থন করে, অন্যরা শাস্তিমূলক ব্যবস্থা চায়। বাংলাদেশকে এই ব্যবধান কমিয়ে একটি ঐক্যবদ্ধ অবস্থান তৈরি করায় আসিয়ান দেশগুলোকে রাজি করাতে হবে। এই সংকটকে শুধু সীমান্ত ইস্যু হিসেবে নয়, বরং উপস্থাপন করতে হবে আঞ্চলিক নিরাপত্তা, বাণিজ্যের স্থিতিশীলতা এবং মানবিক মানদণ্ডের ইস্যু হিসেবে ।
রাখাইনে চলমান সংঘাত, সন্ত্রাসবাদ, মানব পাচার এবং সীমান্তপারের সহিংসতার জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠতে পারে। সংকটকে প্রতিটি আসিয়ান দেশের নিরাপত্তার হুমকি হিসেবে উপস্থাপন করলে মিয়ানমারের ওপর সমন্বিত চাপ প্রয়োগে আসিয়ান নেতাদের আরও বৃহৎ প্রতিশ্রুতি পাওয়া সম্ভব হবে বলে আশা করা যায়।
দ্বিতীয় ধাপ: থিঙ্ক ট্যাঙ্ক, নীতি ও গবেষণা কেন্দ্রিক তথ্যনির্ভর বর্ণনা উপস্থাপন
রাষ্ট্রীয় পর্যায়ের কূটনৈতিক প্রচেষ্টা ভিত্তি স্থাপন করলেও, দ্বিতীয় ধাপে থিঙ্ক ট্যাঙ্ক ও নীতি-গবেষণা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের অবস্থানকে তথ্যনির্ভর এবং গবেষণালব্ধ প্রমাণের মাধ্যমে শক্তিশালী করতে সহায়ক ভূমিকা পালন করতে পারে।
আসিয়ান-সমর্থিত নীতিনির্ধারণী প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতামূলক উদ্যোগ গ্রহণ করে রোহিঙ্গা সংকটের অর্থনৈতিক, নিরাপত্তা এবং মানবিক প্রভাবের ওপর শক্তিশালী প্রমাণ সংগ্রহ করা যেতে পারে। এই ধরনের নীতিগত প্রতিবেদন, যদি বিশ্বাসযোগ্য হয়, তাহলে তা আসিয়ানকে জোরালোভাবে সম্পৃক্ত করার সুযোগ তৈরি করবে। এতে রাখাইনের অস্থিতিশীলতা এবং রোহিঙ্গাদের বিরুদ্ধে আরাকান আর্মির মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ তুলে ধরা যাবে। এক্ষেত্রে তিনটি মূল ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া যেতে পারে:
– মানবাধিকার ও নিরাপত্তা সংকট: রোহিঙ্গাদের প্রতি মিয়ানমার জান্তা ও আরাকান আর্মির আচরণ এবং নির্যাতন -নিপীড়ন কীভাবে আঞ্চলিক অস্থিতিশীলতায় ভূমিকা রাখছে তা প্রমাণসহ উপস্থাপন করা হবে বাংলাদেশের কূটনীতির লক্ষ্য।
– অর্থনৈতিক প্রভাব: রাখাইনের অস্থিতিশীলতা কীভাবে বাণিজ্য পথগুলো ব্যাহত করছে, পর্যটন খাত ক্ষতিগ্রস্ত করছে এবং সীমান্তবর্তী বিনিয়োগকে বাধাগ্রস্ত করছে তা ব্যাখ্যা করার ব্যবস্থা নেয়া হলে তা আসিয়ানের অর্থনৈতিক স্বার্থকে গুরুত্ব দেয়ার পথ তৈরি করবে। এই কৌশলটি হতে পারে আসিয়ানের সমর্থন আদায়ে যথেষ্ট কার্যকর।
– নিরাপত্তা ঝুঁকি: রাষ্ট্রবিহীন রোহিঙ্গা জনগোষ্ঠী চরমপন্থার ঝুঁকিতে পড়তে পারে এবং এর প্রভাব প্রতিবেশী দেশগুলোর নিরাপত্তার ওপর কীভাবে পড়তে পারে তা তুলে ধরা হলে আঞ্চলিক একটি নীতিগত অবস্থান গড়ে উঠতে পারে।
লক্ষ্য হবে এই বার্তাটি স্পষ্টভাবে প্রতিষ্ঠা করা যে রোহিঙ্গা সংকট একটি বিচ্ছিন্ন সমস্যা নয় বরং এটি একটি যৌথ আঞ্চলিক হুমকি। তথ্য-উপাত্তের এই প্রমাণ রাষ্ট্রীয় কূটনীতিকে সমর্থন করবে এবং শুধু মানবিক চাহিদার ভিত্তিতে নয়, বরং আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনের জন্য বাংলাদেশের দাবি জোরদার করবে।
তৃতীয় ধাপ: সামরিক সহযোগিতা – কৌশলগত প্রস্তুতি তৈরি করা
শেষ ধাপ হলো যৌথ সামরিক মহড়ার মাধ্যমে বিশেষ করে আসিয়ানভুক্ত সহানুভূতিশীল দেশগুলোর সাথে সামরিক সহযোগিতা জোরদার করা। কূটনীতি প্রথম প্রতিরক্ষা লাইন হলেও,বন্ধুপ্রতিম আসিয়ান দেশগুলোর দৃশ্যমান সামরিক উপস্থিতি মিয়ানমারসহ সংশ্লিষ্ট সবাইকে দেখিয়ে দেবে যে পরিস্থিতি আরও খারাপ হলে বাংলাদেশ এবং তার মিত্ররা আঞ্চলিক নিরাপত্তা রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দ্বিধা করবে না।
এছড়া বার্মা অ্যাক্টের সুবিধা কাজে লাগিয়ে বাংলাদেশ যৌথ মহড়ার জন্য আরও রিসোর্স পেতে পারে এবং মিয়ানমার, বিশেষ করে আরাকান আর্মিকে বার্তা দিতে পারে যে বাংলাদেশের কূটনৈতিক মিত্র রয়েছে এবং প্রয়োজনে প্রতিরক্ষার জন্য সম্পূর্ণ প্রস্তুতি রয়েছে বাংলাদেশের। যৌথ মহড়ায় মিত্র বাহিনী মিয়ানমারের প্রতি একটি শক্তিশালী কিন্তু অসংঘাতমূলক বার্তা দেবে: বাংলাদেশ প্রস্তুত, সমর্থিত এবং সক্ষম। যদি মিয়ানমারের অস্থিতিশীলতার প্রভাব সীমান্ত অতিক্রম করে ছড়িয়ে পড়ে তাহলে বাংলাদেশ একা থাকবে না,বরং এর পাশে থাকবে আঞ্চলিক শক্তিগুলো। আরাকান আর্মির জন্য এটি হবে একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা যে আঞ্চলিক স্থিতিশীলতাকে চ্যালেঞ্জ করার মতো যেকোনো পদক্ষেপের ফলাফল প্রকৃত ও কঠোর হতে পারে।
কৌশলগত হাই গ্রাউন্ডের প্রভাব মিয়ানমারের পক্ষগুলোর ওপর কীভাবে পড়বে:
কৌশলগত হাই গ্রাউন্ড দখল মিয়ানমারের অভ্যন্তরীণ ও বাহ্যিক হিসাব-নিকাশকে চ্যালেঞ্জ করবে, যা জান্তা এবং আরাকান আর্মিকে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টি পুনর্বিবেচনা করতে বাধ্য করতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশা করা যায়। এক্ষেত্রে বাংলাদেশের কৌশল মিয়ানমারের পক্ষগুলোকে যেভাবে আলোচনার টেবিলে আনতে পারে:
– আরাকান আর্মিকে বাস্তবতার মুখোমুখি করা: তারা বর্তমানে রাখাইনের নিয়ন্ত্রণ নিয়ে অতিমাত্রায় আত্মবিশ্বাসী, যা তাদের স্বায়ত্তশাসনের একটি জোরালো অনুভূতির জন্ম দিয়েছে। এজন্য তারা বেশ অনেকটাই বেপরোয়া আচরণ করে আসছে। তবে আসিয়ান দেশগুলোর একটি ঐক্যবদ্ধ অবস্থান এবং আঞ্চলিক সামরিক সহযোগিতা তাদের জানিয়ে দেবে যে, তাদের কর্মকাণ্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে এবং অব্যাহত নিপীড়ন তাদেরকে কঠিন পরিস্থিতিতে ফেলবে। বরং আরাকান আর্মির জন্য, রোহিঙ্গা প্রত্যাবাসনের ব্যাপারে প্রকৃত আলোচনা করা তাদের শাসনকে বৈধতা দেয়ার একটি উপায় হয়ে দাঁড়াতে পারে, যা বৃহত্তর সংঘাতের ঝুঁকি এড়াতে সহায়ক হবে। আরাকারন আর্মিকে এই মেসেজটি দেয়া বাংলাদেশের স্বার্থের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
– মিয়ানমারের মিত্রদের চ্যালেঞ্জ করা: ঐতিহ্যগতভাবে মিয়ানমারকে যারা আন্তর্জাতিক প্রতিক্রিয়া থেকে রক্ষা করে আসছে আসিয়ানভুক্ত দেশগুলোকে সাথে নিতে পারলে তা মিয়ানমারকে তাদের সমর্থনের ন্যায্যতা দেয়াকে আরও কঠিন করে তুলবে। একটি ঐক্যবদ্ধ আসিয়ান প্রতিক্রিয়া মিয়ানমারের মিত্রদের জন্য কূটনৈতিক বিচ্ছিন্নতা বাড়াবে ও বিশ্বে একটি শক্ত ধারণা দেবে যে, যদি তারা আঞ্চলিক স্থিতিশীলতার বিরুদ্ধে গিয়ে এমন একটি অন্যায্য শাসনকে সমর্থন করতে থাকে তবে তা মেনে নেয়া হবে না।
– রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে রূপান্তর করা: রাখাইনের অস্থিতিশীলতার ঝুঁকির ওপর প্রমাণ-ভিত্তিক তথ্য ভাণ্ডার তৈরি করে বাংলাদেশ এই সংকটকে জাতীয় সমস্যা থেকে আঞ্চলিক নিরাপত্তা সংকট বা হুমকিতে রূপান্তর করতে পারে। এই কাঠামো দাঁড় করাতে পারলে তা আসিয়ানকে একত্রিত হয়ে কাজ করতে বাধ্য করবে এবং মিয়ানমারের পক্ষ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিরোধিতা করার মানসিকতা রীতিমতো অকেজো করে দেয়া যাবে।
ড. ইউনূসের আঞ্চলিক নেতৃত্ব প্রতিষ্ঠা
সমন্বিত কৌশলের মাধ্যমে বাংলাদেশ রোহিঙ্গা সংকটকে দীর্ঘস্থায়ী মানবিক সমস্যা থেকে আঞ্চলিক নেতৃত্ব ও স্থিতিশীলতার সুযোগে রূপান্তর করতে পারে। কৌশলগত হাই গ্রাউন্ড দখল করে বাংলাদেশ সহজেই মিয়ানমারের পক্ষগুলোর সঙ্গে আলোচনার শর্ত নির্ধারণে সুবিধাজনক অবস্থানে থাকবে। এই পদ্ধতি রোহিঙ্গাদের নিরাপদে তাদের নিজ দেশে প্রত্যাবাসন নিশ্চিত করবে এবং একই সঙ্গে বাংলাদেশকে আঞ্চলিক ভূরাজনীতিতে একটি প্রোঅ্যাকটিভ নেতৃত্বদানকারী দেশ হিসেবে প্রতিষ্ঠিত করবে।
এর ফলে বাংলাদেশ ন্যায়বিচার, মানবাধিকার এবং আঞ্চলিক নিরাপত্তা রক্ষার পাশাপাশি একতাবদ্ধ ও শান্তিপূর্ণ ভবিষ্যতের জন্য দৃষ্টান্ত স্থাপন করবে।
লেখক পরিচিতি:
আবু রুশদ
আবু রুশদ ইন্সটিটিউট অফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্যাকটিকস রিসার্চ (ISTR)-এর প্রেসিডেন্ট। সামরিক সেবা, প্রতিরক্ষা সাংবাদিকতা এবং বৈশ্বিক গোয়েন্দা বিশ্লেষণে তিন দশকের বেশি অভিজ্ঞতা নিয়ে তিনি জাতীয় নিরাপত্তা এবং আন্তর্জাতিক সম্পর্কের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ। তার লেখনী বিশেষত ভারতীয় গোয়েন্দা কার্যক্রম, দমন-পীড়ন এবং মানবাধিকার বিষয়ে ব্যাপক স্বীকৃত। তিনি বাংলাদেশ ডিফেন্স জার্নালের প্রতিষ্ঠাতা এবং প্রধান সম্পাদক।
এম. জাকির হোসেন খান
এম. জাকির হোসেন খান ISTR-এর নেচার অ্যান্ড ইন্টিগ্রিটি ডিরেক্টর। তিনি জলবায়ু ন্যায়বিচার, টেকসই অর্থনীতি এবং সুশাসনের জন্য বৈশ্বিক লড়াইয়ে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। SOAS, ইউনিভার্সিটি অফ লন্ডন, UNDP, এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের মতো প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তার উল্লেখযোগ্য। চেঞ্জ ইনিশিয়েটিভের প্রধান নির্বাহী হিসেবে তিনি বাংলাদেশে গণতান্ত্রিক ও প্রকৃতিনির্ভর সুশাসন, জলবায়ু এবং ন্যায়বিচার নিয়ে কাজ করেন।
সালমান চৌধুরী
সালমান চৌধুরী ISTR-এর ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স ডিরেক্টর। অনিয়মিত যুদ্ধ, সন্ত্রাসবিরোধী কৌশল এবং গোয়েন্দা বিশ্লেষণে এক দশকের বেশি অভিজ্ঞতাসম্পন্ন এই বিশেষজ্ঞ সংঘাতপূর্ণ অঞ্চলে কাজ করে জাতীয় নিরাপত্তা কৌশল এবং মানবাধিকার সুরক্ষায় উল্লেখযোগ্য অবদান রেখেছেন। বাংলাদেশ ডিফেন্স জার্নালের এক্সটার্নাল অ্যাফেয়ার্স প্রধান হিসেবে তিনি বাংলাদেশ এবং বৃহত্তর ইন্দো-প্যাসিফিক অঞ্চলে কৌশলগত ইস্যু নিয়ে কাজ করেন।
[মূল লেখাটি যুক্তরাষ্ট্র-ভিত্তিক সংবাদমাধ্যম, সাউথ এশিয়া পার্সপেক্টিভ- এ ইংরেজিতে প্রকাশিত হয়েছে]
