ঢাকা
১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:১৫
logo
প্রকাশিত : জানুয়ারি ১৭, ২০২৬

কুমিল্লায় গুলি ও হাত-পায়ের রগ কেটে দুজনকে হত্যা

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে দুজনকে গুলি ও হাত-পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। ময়মনসিংহে নির্বাচনী বিরোধে খুন হয়েছেন একজন। কক্সবাজারের টেকনাফের পাহাড়ি এলাকায় দুই সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে এক তরুণী নিহত হয়েছেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে চুরি করতে বাধা দেওয়ায় গৃহবধূকে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

ওই সময় এলাকাবাসী একজনকে আটক করে পিটুনি দিলে সে মৃত্যুবরণ করে। যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের বলাডাঙ্গা শ্রীকান্তনগর বাজারে চুরির চেষ্টাকালে গণপিটুনিতে যুবক নিহত হন। এদিকে যশোরের মণিরামপুর উপজেলায় গাছে ঝুলন্ত অবস্থায় এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় প্রতিনিধিরা পুলিশ ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছেন।

কুমিল্লা : কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় গোষ্ঠীগত দ্বন্দ্ব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুজনকে গুলি ও হাত-পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আলিয়ারায় এ ঘটনা ঘটেছে। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত হন দক্ষিণ আলিয়ারা গ্রামের সালেহ আহমেদ (৬০) ও তাঁর ভাতিজা দেলোয়ার হোসেন ওরফে নয়ন (৪০)।

তাঁরা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য প্রয়াত ছালেহ আহম্মদের গোষ্ঠীর সদস্য। গ্রামের খায়ের আহমেদ গোষ্ঠীর বিরুদ্ধে তাঁদের ওপর হামলার অভিযোগ রয়েছে। গত বছরের ৩ আগস্ট খায়ের আহমেদ গোষ্ঠীর মো. আলাউদ্দিনকে (৫৫) হত্যার অভিযোগ উঠেছিল ছালেহ আহম্মদ গোষ্ঠীর বিরুদ্ধে। আলাউদ্দিন স্থানীয় সাবেক ইউপি সদস্য ছিলেন।জানা গেছে, দক্ষিণ আলিয়ারা গ্রামে দুই গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে।

এ নিয়ে একাধিকবার তাদের মধ্যে সংঘর্ষ হয়। ছালেহ আহম্মদ গোষ্ঠীর সদস্যরা দীর্ঘদিন এলাকার বাইরে অবস্থান করেন। গত ৩ জানুয়ারি ছালেহ আহম্মদ গোষ্ঠীর সদস্যরা এলাকায় ঢোকার চেষ্টা করলে খুন হওয়া আলাউদ্দিনের পক্ষের লোকজন তাঁদের বাধা দেন।
এই অবস্থায় গতকাল দুপুরে খায়ের আহমেদ গোষ্ঠীর সদস্যরা ছালেহ আহম্মদ গোষ্ঠীর সদস্যদের ওপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে। তাতে দুজন নিহত হন।

নিহত দেলোয়ার হোসেনের বোন হাজেরা আক্তার বলেন, ‘শুক্রবার দুপুরে আলাউদ্দিন মেম্বারের ছেলেসহ দুই শতাধিক সন্ত্রাসী একসঙ্গে আমাদের ওপর হামলা চালায়। তাদের হাতে আগ্নেয়াস্ত্রসহ দেশি অস্ত্র ছিল। সন্ত্রাসীরা আমার ভাই ও চাচা সালেহ আহমেদের ওপর গুলি চালায়। মৃত্যু নিশ্চিত করতে তাঁদের হাত ও পায়ের রগ কেটে দেওয়া হয়। কথা বলতে চাইলে আলাউদ্দিন মেম্বার বা খায়ের আহমেদ গোষ্ঠীর সদস্যদের কাউকে পাওয়া যায়নি। ঘটনার পর তাঁরা এলাকা ছেড়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

নাঙ্গলকোট থানার ওসি আরিফুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তিদের ওপর ছররা গুলি চালানো হয়েছে। এ ছাড়া হাত ও পায়ের রগ কাটার চিহ্ন আছে।

টেকনাফে তরুণীর মৃত্যু : কক্সবাজারের টেকনাফের পাহাড়ি এলাকায় দুই সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে সোমাইয়া আক্তার (১৮) নামের স্থানীয় এক তরুণী নিহত হয়েছেন। তিনি উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়ার মোহাম্মদ ছিদ্দিকের মেয়ে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়া পাহাড়ের পাদদেশে গোলাগুলির এ ঘটনা ঘটে। বাহারছড়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. ইলিয়াস বলেন, মালয়েশিয়ায় মানবপাচারকারী চক্রের সদস্যরা নৌপথে মালয়েশিয়া পাঠানোর জন্য কিছু লোকজনকে নোয়াখালীপাড়ার পাহাড়ে জড়ো করেন। ওই সময় পাহাড়ে থাকা সন্ত্রাসীরা ওই স্থানের দিকে যেতে চাইলে মানবপাচারকারী চক্রের সঙ্গে বাগবিতণ্ডার এক পর্যায়ে গোলাগুলির ঘটনা ঘটে। গোলাগুলির শব্দ শুনে পার্শ্ববর্তী একটি বাড়ির সোমাইয়া উঁকি দিয়ে দেখতে গেলে গুলি এসে তাঁর পেটে লাগে। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে যান। টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নওশাদ আলম কানন বলেন, সন্ধ্যার পর কিছু লোক ১৮ বছর বয়সী সোমাইয়া আক্তার নামের এক তরুণীকে হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়। তাঁর শরীরে দুটি গুলির চিহ্ন পাওয়া গেছে। টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এক তরুণীর লাশ হাসপাতাল থেকে উদ্ধার করা হয়েছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ধোবাউড়া : ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার এরশাদ বাজারে নির্বাচনী অফিস উদ্বোধনকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে ছুরিকাঘাতে নজরুল ইসলাম (৪০) নামের একজন নিহত হয়েছেন। তিনি ধোবাউড়ার রামসিংহপুরের হাজি মফিজ উদ্দিনের ছেলে। তিনি ময়মনসিংহ-১ হালুয়াঘাট-ধোবাউড়া আসনের স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের কর্মী বলে জানা গেছে। গতকাল শুক্রবার সন্ধ্যার পর এ দুর্ঘটনা ঘটে। ধোবাউড়া থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন নির্বাচন সামনে রেখে ধোবাউড়ার এরশাদ বাজার এলাকায় বিকেলে নির্বাচনী প্রচার-প্রচারণা কার্যালয় উদ্বোধন করেন স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেল সমর্থক নেতাকর্মীরা। স্থানীয়দের অভিযোগ, অফিস উদ্বোধন শেষে নেতাকর্মীরা অন্যত্র চলে যান। তারপর কয়েকজন ব্যক্তির সঙ্গে নজরুলের তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে নজরুলকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় কয়েকজন। পরে নজরুলকে উদ্ধার করে ধোবাউড়া হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

রূপগঞ্জ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে চুরি করতে বাধা দেওয়ায় গৃহবধূ আমেনা বেগমকে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। ওই সময় এলাকাবাসী মেহেদী নামের একজনকে আটক করে। পরে উত্তেজিত জনতা তাকে পিটুনি দিলে সে মারা যায়। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে রূপগঞ্জে কাঞ্চন পৌরসভার কেরাবো এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আমেনা বেগম কেরাবো এলাকার কামরুজ্জামান বাবুলের স্ত্রী। এ ছাড়া গণধোলাইয়ে নিহত মেহেদী কাঞ্চন পৌরসভার মস্তাপুর এলাকার রেজাউলের ছেলে। সে একজন শ্রমিক ছিল।

নিহতের স্বজন ও এলাকাবাসী জানান, কেরাবো এলাকার কামরুজ্জামান বাবুলের বাড়িতে গত ৪ দিন আগে টাইলস বসানোর কাজ করেছিল মেহেদীসহ কয়েকজন। গতকাল দুপুরে বাড়িতে কেউ নেই ভেবে চুরির উদ্দেশ্যে মেহেদী ঘরের ভেতর ঢোকে। ওই সময় ঘরে অবস্থানরত আমেনা বেগম তাকে চুরিতে বাধা দিলে মেহেদী তার হাতে থাকা ধারালো ছোরা দিয়ে উপর্যুপরি আঘাত করে আমেনাকে গুরুতর জখম করে। মুমূর্ষু অবস্থায় আমেনাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এদিকে মেহেদী পালিয়ে যাওয়ার সময় আশপাশের লোকজন তাকে আটক করে। আমেনার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা মেহেদীকে গণধোলাই দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লাশ দুটির ময়নাতদন্তের জন্য প্রাথমিক সুরতাল সম্পন্ন করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

যশোর : যশোরে আলাদা দুই ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের বলাডাঙ্গা শ্রীকান্তনগর বাজারে চুরির চেষ্টাকালে গণপিটুনিতে যুবক শামীম (৩৫) নিহত হন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাত আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শামীম এলাকার ছবদুলের ছেলে। যশোর কোতোয়ালি থানার ওসি ফারুক আহমেদ জানান, রাতে শামীম শ্রীকান্তনগর বাজারে আরাফাত হোসেনের বিকাশের দোকানের সামনের দরজা ভেঙে ভেতরে ঢোকেন। ওই সময় দোকান মালিক সিসিটিভি ক্যামেরার মনিটরে দোকানের ভেতরে একজনকে দেখতে পান। পরে তিনি বাইরে এসে চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে এসে শামীমকে ধরে গণপিটুনি দেয়। পরে গুরুতর অবস্থায় দোকান মালিকসহ স্থানীয়রা শামীমকে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় দোকান মালিক আরাফাত হোসেনকে আটক করেছে পুলিশ। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এদিকে যশোরের মণিরামপুর উপজেলায় গাছে ঝুলন্ত অবস্থায় শফিকুল ইসলাম (৫৫) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের ইছালী গ্রামের একটি মাঠসংলগ্ন বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শফিকুল ইসলাম ওই গ্রামের কেতাব উদ্দিন মোড়লের ছেলে।

নিহতের স্বজনরা জানান, শফিকুল ইসলামের এলাকায় একটি বৈদ্যুতিক সেচযন্ত্র রয়েছে। ভোরে তিনি সেচ পাম্প চালাতে মাঠে যান। পরে মাঠে কাজ করতে আসা কয়েকজন কৃষক পাশের বাগানে একটি কাঁঠালগাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ দেখতে পেয়ে পরিবারকে খবর দেন। স্বজনদের দাবি, সেচ দেওয়াকে কেন্দ্র করে অন্য সেচযন্ত্র মালিকদের সঙ্গে শফিকুল ইসলামের বিরোধ চলছিল। এ বিরোধের জেরে তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ গাছে ঝুলিয়ে রাখা হয়েছে।

মণিরামপুর থানার ওসি রজিউল্লাহ খান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram