

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বন্ধ, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় চালুর লক্ষ্যে উভয় দেশ একটি প্রাথমিক সমঝোতায় পৌঁছেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা। এই ঘোষণার পরপরই আন্তর্জাতিক বাজারে কমতে শুরু করেছে তেলের দাম। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, বিষয়টি নিয়ে পরবর্তী আলোচনা চলবে। খবর, রয়টার্সের।
সোমবার (১৫ জুন) ভোরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দাবি করেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে চুক্তি এখন সম্পন্ন হয়েছে। এর কিছুক্ষণ আগেই উভয় পক্ষ সমঝোতায় পৌঁছেছে বলে ঘোষণা দেন মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখা পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
চুক্তির স্মারকটি আগামী শুক্রবার সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। তবে চুক্তির পূর্ণাঙ্গ শর্ত এখনো প্রকাশ করা হয়নি।
শেহবাজ শরিফ জানান, সমঝোতার আওতায় লেবাননসহ সব ফ্রন্টে সামরিক অভিযান অবিলম্বে ও স্থায়ীভাবে বন্ধ হবে। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিবালয়ও জানিয়েছে, সোমবার রাত থেকে সব ধরনের সামরিক অভিযান স্থায়ীভাবে বন্ধ করা হবে।
ট্রুথ পোস্টে ট্রাম্প য, আগামী শুক্রবার থেকে পুনরায় চালু হবে বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি। একই সঙ্গে তিনি ইরানি বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন।
এই ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে যায়। ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৪ শতাংশ এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ৪ দশমিক ৬ শতাংশের বেশি কমেছে। একই সঙ্গে এশিয়ার শেয়ারবাজারেও ইতিবাচক প্রভাব দেখা গেছে।
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদী বলেছেন, ৬০ দিনের যুদ্ধবিরতির সময় আরও বিস্তৃত একটি চুক্তি নিয়ে আলোচনা হবে। সেখানে নিষেধাজ্ঞা শিথিলকরণ এবং ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎও আলোচনার অংশ হবে।
এর আগে বিভিন্ন সূত্র জানিয়েছিল, ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত এবং পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎই হবে আলোচনার সবচেয়ে জটিল বিষয়গুলোর একটি।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর শুরু হওয়া সংঘাতে ইরান ও লেবাননে হাজার হাজার মানুষ নিহত হয়েছে। সংঘাতের সময় ইরান হরমুজ প্রণালিতে কার্যত অবরোধ সৃষ্টি করে, যার ফলে বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়ে যায়। পাল্টা প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলো অবরুদ্ধ করে।
এদিকে, যুক্তরাষ্ট্রে আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির উচ্চমূল্য ট্রাম্প প্রশাসনের জন্য রাজনৈতিক চাপ তৈরি করেছে। একই সঙ্গে ট্রাম্পের নিজের দল রিপাবলিকান পার্টির একটি অংশ ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করার দাবি জানিয়ে আসছে।
রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম চুক্তিকে স্বাগত জানালেও পারমাণবিক ইস্যুতে ভবিষ্যৎ আলোচনার দিকে নজর রাখার কথা বলেছেন। তার ভাষায়, ইরানের সঙ্গে যে কোনো পারমাণবিক চুক্তি কংগ্রেসে পর্যালোচনা ও ভোটের জন্য পাঠাতে হবে।
অন্যদিকে, চুক্তি ঘোষণার আগে লেবাননে ইসরায়েলি হামলা নিয়ে ওয়াশিংটন ও তেল আবিবের মধ্যে মতপার্থক্য প্রকাশ্যে আসে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার পক্ষে অবস্থান নিলেও, ইরান সেখানে পূর্ণ যুদ্ধবিরতিকে অন্যতম প্রধান শর্ত হিসেবে তুলে ধরে।
এর আগে, মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প নেতানিয়াহুকে 'খুবই কঠিন মানুষ' বলে মন্তব্য করেন এবং দাবি করেন, ইসরায়েলকে পারমাণবিক অস্ত্রধারী ইরানের ঝুঁকি থেকে রক্ষা করায় তার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত।
তবে চুক্তির বিস্তারিত শর্ত, ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়গুলো আগামী কয়েক সপ্তাহের আলোচনার ওপরই নির্ভর করবে।
