ঢাকা
১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:৫০
logo
প্রকাশিত : মে ১৮, ২০২৬

রাশিয়ায় ইউক্রেনের নজিরবিহীন ড্রোন হামলা

রাশিয়ার রাজধানী মস্কো ও সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলে ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। রোববার রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে মস্কো অঞ্চলে তিনজন এবং বেলগোরোদে একজন রয়েছেন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, রাতভর চালানো ইউক্রেনীয় হামলা প্রতিহত করতে গিয়ে তারা ৫৫৬টি ড্রোন ভূপাতিত করেছে। পরে ভোরের দিকে আরও ৩০টি ড্রোন ধ্বংস করা হয়। চলমান রুশ-ইউক্রেন যুদ্ধে এটিকে রাশিয়ার ওপর ইউক্রেনের অন্যতম বৃহৎ ড্রোন হামলা হিসেবে দেখা হচ্ছে।

মন্ত্রণালয় জানায়, ১৪টি রুশ অঞ্চল, দখলকৃত ক্রিমিয়া উপদ্বীপ এবং কৃষ্ণ ও আজভ সাগরের আকাশে এসব ড্রোন প্রতিহত করা হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মস্কো অঞ্চলের আশপাশের এলাকা।

মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিয়ভ টেলিগ্রামে জানান, একটি ড্রোন ব্যক্তিগত বাড়িতে আঘাত হানলে এক নারী নিহত হন। এছাড়া ধ্বংসস্তূপের নিচে আরও একজন আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। পরে আরও দুই পুরুষের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।

তিনি বলেন, রাত ৩টা থেকে রাজধানী অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা প্রতিহত করতে কাজ করছে রুশ বিমান প্রতিরক্ষা বাহিনী। হামলায় অন্তত চারজন আহত হয়েছেন এবং বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর একদিন আগে ইউক্রেনের প্রেসিডেন্ট রাশিয়ার বিরুদ্ধে আরও পাল্টা হামলার ঘোষণা দেন। বৃহস্পতিবার রাশিয়ার হামলায় কিয়েভে ২৪ জন নিহত এবং প্রায় ৫০ জন আহত হওয়ার পর তিনি এ ঘোষণা দেন।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, রাজধানীতে রাতভর ৮০টির বেশি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এতে অন্তত ১২ জন আহত হয়েছেন। তিনি বলেন, ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে কয়েকটি স্থানে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।

একটি হামলায় তেল ও গ্যাস শোধনাগারের কাছে নির্মাণকাজে থাকা শ্রমিকরা আহত হয়েছেন বলেও জানান তিনি। তবে শোধনাগারটির উৎপাদন ব্যাহত হয়নি। হামলায় তিনটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাশিয়ার রাজধানী মস্কো ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে অবস্থিত। শহরটি তুলনামূলক কম হামলার শিকার হলেও রাজধানী অঞ্চল প্রায়ই ড্রোন হামলার মুখে পড়ে।

এদিকে, ইউক্রেন সীমান্তঘেঁষা বেলগোরোদ অঞ্চলের শেবেকিনো জেলায় ড্রোন হামলায় একটি লরিতে থাকা এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

অন্যদিকে ইউক্রেনের বিমান বাহিনীর দাবি, রাশিয়ার ছোড়া ২৮৭টি ড্রোনের মধ্যে ২৭৯টিই তারা ভূপাতিত করেছে।

যুক্তরাষ্ট্র দুই পক্ষকে আলোচনার টেবিলে ফেরাতে চেষ্টা চালালেও সাম্প্রতিক উত্তেজনার কারণে আলোচনা কার্যত স্থবির হয়ে পড়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে বিজয়ের বার্ষিকী উপলক্ষে ঘোষিত তিন দিনের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পর আবারও পাল্টাপাল্টি হামলা শুরু হয়েছে।

রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। দীর্ঘ চার বছরেরও বেশি সময় ধরে চলমান এই যুদ্ধে ইউক্রেন নিয়মিতভাবে রাশিয়ার অভ্যন্তরে ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram