ঢাকা
logo
প্রকাশিত : November 16, 2026

প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে জ্যাকি, নার্গিসকে বিয়ে করে নতুন জীবনের শুরু

এম মনিরুজ্জামান, রাজবাড়ী প্রতিনিধি: ভালোবাসা মানে না দূরত্ব, মানে না দেশের সীমানা। সেই ভালোবাসার টানেই হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে সুদূর চীন থেকে বাংলাদেশে ছুটে এসেছেন চীনা নাগরিক জ্যাকি চেউং। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার তরুণী নার্গিস আক্তারকে বিয়ে করে শুরু করেছেন নতুন জীবনের পথচলা। দুই দেশের দুই নাগরিকের এই ব্যতিক্রমী প্রেম ও পরিণয়ের গল্প এখন গোয়ালন্দজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। বিদেশি জামাইকে একনজর দেখতে প্রতিদিনই নার্গিসের বাড়িতে ভিড় করছেন উৎসুক মানুষ।

তবে অতিতে এ রকম অনেক ঘটনা দেখে নার্গিসের প্রতিবেশীরা অনেকেই আশংকা করে বলছেন, কয়েকদিন গেলেই বুঝা যাবে।
আর নার্গিস ও তার মাকে ওই যুবক চীনে নিয়ে কি কাজে লাগায় তা অল্প সময়ের মধ্যেই দেখা যাবে।

জানা গেছে, গত ১ নভেম্বর বাংলাদেশে আসেন চীনা নাগরিক জ্যাকি চেউং। এরপর ৩ নভেম্বর আদালতের মাধ্যমে তাঁদের বিয়ে সম্পন্ন হয়। পরে গত ১৩ নভেম্বর দুই পরিবারের সম্মতিতে পারিবারিক ও সামাজিক আয়োজনে মুসলিম রীতি অনুযায়ী বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

জ্যাকি চেউং ও নার্গিস আক্তারের পরিচয়ের গল্পটিও বেশ চমকপ্রদ। নার্গিসের ভাই সিরাজুল ইসলাম ঢাকার একটি চীনা প্রতিষ্ঠানে চাকরি করতেন। একই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন জ্যাকি চেউং। কর্মসূত্রে তাঁদের মধ্যে পরিচয় ও বন্ধুত্ব গড়ে ওঠে। একপর্যায়ে জ্যাকি বাংলাদেশে বিয়ে করার আগ্রহ প্রকাশ করেন। বিষয়টি জানতে পেরে সিরাজুল ইসলাম তাঁর বোন নার্গিসের সঙ্গে জ্যাকির পরিচয় করিয়ে দেন।

এরপর মুঠোফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনের মধ্যে যোগাযোগ বাড়তে থাকে। ধীরে ধীরে পরিচয়, বন্ধুত্ব থেকে জন্ম নেয় ভালোবাসা। একসময় সেই ভালোবাসাই পরিণয়ের সিদ্ধান্তে পৌঁছায়।

প্রিয় মানুষটিকে জীবনসঙ্গী করতে আর কোনো দূরত্ব বাধা হয়ে দাঁড়াতে পারেনি জ্যাকির কাছে। ভালোবাসার টানেই সুদূর চীন থেকে বাংলাদেশে ছুটে আসেন তিনি। দুই পরিবারের সম্মতি ও সামাজিক আয়োজনের মধ্য দিয়ে তাঁদের সম্পর্ক পূর্ণতা পায়।

ভৌগোলিক দূরত্ব আর দুই দেশের ভাষা-সংস্কৃতির ভিন্নতা পেরিয়ে গড়ে ওঠা এই ভালোবাসার গল্প এখন স্থানীয় মানুষের মুখে মুখে। নতুন এই দম্পতির সুখী ও সুন্দর দাম্পত্য জীবনের প্রত্যাশা করছেন স্বজন ও এলাকাবাসী।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram