ঢাকা
logo
প্রকাশিত : November 16, 2026

আড়াই বছর পর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের শ্রদ্ধা

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: প্রায় আড়াই বছর পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সে প্রবেশ করে শ্রদ্ধা নিবেদন করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টার দিকে তাঁরা বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে দলীয় সভানেত্রী ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এর আগে সকাল ১০টার দিকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের তালা খুলে জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে সেখানে নেতাকর্মীদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এরপর আওয়ামী লীগ, যুবলীগ ও কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীরা বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সে প্রবেশ করেন। সেখানে তাঁরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নেন।

শপথবাক্যে নেতাকর্মীরা বলেন, যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনাকে বাংলার মাটিতে ফিরিয়ে আনতে না পারবেন, ততক্ষণ তাঁদের সংগ্রাম চলবে। তাঁকে দেশে ফিরিয়ে আনতে রাজপথে থেকে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাবেন তাঁরা।

এ সময় টুঙ্গিপাড়া পৌর ছাত্রলীগের সভাপতি শেখ ইফতি জামান পল্লব নেতাকর্মীদের শপথবাক্য পাঠ করান বলে জানা গেছে। পরে ছাত্রলীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এ বিষয়ে টুঙ্গিপাড়া পৌর ছাত্রলীগের সভাপতি শেখ ইফতি জামান পল্লব বলেন, “আমরা সবাই একত্রিত হয়েছি। আমরা পার্টি অফিস খুলে দিয়েছি, যাতে টুঙ্গিপাড়ার মানুষ এখানে বসতে পারেন। এই অবৈধ ও ফ্যাসিস্ট সরকার প্রশাসন দিয়ে পার্টি অফিস বন্ধ করে দিয়েছিল। এরপর আমরা বঙ্গবন্ধুর সমাধিসৌধ সবার জন্য উন্মুক্ত করে দিয়েছি। বঙ্গবন্ধু সারা বাংলাদেশের সম্পদ। এই সমাধি আজ থেকে সবার জন্য উন্মুক্ত।”

উল্লেখ্য, সর্বশেষ ২০২৪ সালের ৭ আগস্ট বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সের বেদিতে শ্রদ্ধা নিবেদন করেছিলেন জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেদিনও তাঁরা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নিয়েছিলেন। এরপর দীর্ঘদিন সমাধিসৌধ কমপ্লেক্সে সাধারণ মানুষের প্রবেশ সীমিত রাখে প্রশাসন। কমপ্লেক্সের তিনটি ফটকে পুলিশ মোতায়েনসহ নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram