

পর্তুগালে ব্যবসায়িক সফরে পৌঁছালে ভূঁইয়া গ্লোবাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য জনাব কবীর আহমেদ ভূঁইয়াকে সংবর্ধনা জানাতে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি পর্তুগাল এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে।
প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়ন, প্রবাসী কল্যাণ ও জাতীয় রাজনীতির বিভিন্ন বিষয় নিয়ে ব্যাপক আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগাল কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব, সাবেক ছাত্রনেতা ও পর্তুগাল বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব শামসুজ্জামান জামান।
তিনি তার বক্তব্যে প্রবাসীদের দেশপ্রেম, ব্রাহ্মণবাড়িয়ার প্রতি তাদের আন্তরিকতা এবং জাতীয় রাজনীতিতে বিদেশে বসবাসরত বাংলাদেশিদের গঠনমূলক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পর্তুগাল বিএনপির যুগ্ম আহ্বায়ক এম. কে. নাসির, আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য শফিকুজ্জামান চৌধুরী, বদরুল ইসলাম, ক্রোয়েশিয়া বিএনপির সদস্য সচিব শহীদুজ্জামান রেজা, পর্তুগাল বিএনপি নেতা রুবেল চৌধুরী, জুবেল আহমেদ, কাজী জুয়েল, শাহান ওমর, গাফফার আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির উপদেষ্টা মিয়া সোহেল এবং পর্তুগাল যুবদল নেতা এস এম কাউসার আলম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাহেদ আহমেদ, রাজন আহমেদসহ জাসাস, স্বেচ্ছাসেবক দল ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি পর্তুগালের সভাপতি কাজী আনোয়ার হোসেন কাইফ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি কাজী মইনুর ইসলাম এবং সদস্য সচিব সোহাগ হাসান।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া প্রবাসীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, “প্রবাসীরা শুধু রেমিট্যান্সই পাঠান না; তারা দেশের ভাবমূর্তি, অর্থনীতি ও উন্নয়নের অন্যতম প্রধান শক্তি। বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ার সম্ভাবনাময় খাতগুলোকে এগিয়ে নিতে আপনাদের অভিজ্ঞতা, আন্তরিকতা ও বিনিয়োগের মানসিকতা আমার উন্নয়ন ভাবনার বড় ভিত্তি। প্রবাসীদের শক্তিকে কেন্দ্র করেই আমি ব্রাহ্মণবাড়িয়াকে একটি আধুনিক, কর্মসংস্থানসমৃদ্ধ ও উন্নত জেলা হিসেবে গড়ে তুলতে চাই।”
তিনি আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী ব্রাহ্মণবাড়িয়াবাসীরা নিজেদের কর্ম ও সুনামের মাধ্যমে জেলার মর্যাদা বৃদ্ধি করছেন, যা বাংলাদেশের অগ্রযাত্রার গুরুত্বপূর্ণ সম্পদ। ভবিষ্যতেও প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানের শেষে প্রবাসী নেতৃবৃন্দ আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়াকে ফুলেল শুভেচ্ছা ও স্মারক উপহার প্রদান করেন। পরে তিনি প্রবাসীদের সঙ্গে দীর্ঘ সময় ধরে স্থানীয় সমস্যা, বিনিয়োগের সুযোগ, প্রবাসী কল্যাণ ও ব্রাহ্মণবাড়িয়ার ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন।

