

আফগানিস্তান সন্ত্রাসীদের ভূমি ব্যবহার করতে দিচ্ছে—এমন অভিযোগ তুলে কাবুলকে ‘কূটনৈতিক চরমপত্র’ দিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, উত্তর-পশ্চিামাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার বাজাউর জেলায় এক সন্ত্রাসী হামলায় ১১ সেনা সদস্য নিহত হওয়ার ঘটনার পর এই চরমপত্র পাঠানো হয়।
পাকিস্তান জানিয়েছে, তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) বিস্ফোরকবোঝাই একটি যান নিরাপত্তা বাহিনী ও আইন-শৃঙ্খলা রক্ষা সংস্থার যৌথ চৌকির দেয়ালে ধাক্কা দেয়। এতে ১১ জন নিরাপত্তা সদস্য ও একজন বেসামরিক নাগরিক নিহত হন।
বিবৃতিতে বলা হয়েছে, ‘বাজাউরে সেনা-পুলিশ নিরাপত্তা চৌকিতে ফিৎনা আল খারিজি বা টিটিপির আত্মঘাতী গাড়িবোমা হামলায় ১১ জন সেনা নিহত হয়েছেন। প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি, হামলাকারীরা আফগানিস্তানে প্রশিক্ষণ নিয়েছিল।’
বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘পাকিস্তান এই হামলার সর্বোচ্চ নিন্দা জানাচ্ছে এবং আফগানিস্তানের সরকারকে ইতোমধ্যে কূটনৈতিক চরমপত্র দেওয়া হয়েছে।
সেখানে বলা হয়েছে, আফগানিস্তানে ক্ষমতাসীন সরকার যেন তাৎক্ষণিক, সুনির্দিষ্ট এবং যাচাইযোগ্য পদক্ষেপ গ্রহণ করে।’
এ ছাড়া পাকিস্তান দাবি করে, তাদের বিরুদ্ধে সক্রিয় কিছু জঙ্গিগোষ্ঠী আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ভারতের মদদপুষ্ট। তবে নয়াদিল্লি এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
