ঢাকা
১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৩:৩৯
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ১৫, ২০২৬

আদালতের নির্দেশে ছেলেদের সঙ্গে কথা বললেন ইমরান খান, দ্রুত চিকিৎসার দাবি পরিবারের

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান সুপ্রিম কোর্টের নির্দেশে তার দুই ছেলের সঙ্গে ফোনে কথা বলার সুযোগ পেয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন তার বোন আলিমা খান। খবর জিও নিউজের।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী ৩০ মিনিটেরও বেশি সময় ধরে তার ছেলেদের সঙ্গে কথা বলেন।

তবে আলিমা খান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে বলেন, ইমরান প্রায় ২০ মিনিট কথা বলতে পেরেছেন তার দুই ছেলে কাসিম খান ও সুলায়মান খানের সঙ্গে।

তিনি জানান, ‘দীর্ঘ সময় পর বাবার কণ্ঠ শুনে তার ছেলেরা জানায়, তিনি ভীষণ আনন্দিত ছিলেন।

গত বৃহস্পতিবার ( ১২ ফেব্রুয়ারি) দেশটির সুপ্রিম কোর্ট কারা কর্তৃপক্ষকে ইমরান খানকে তার ছেলেদের সঙ্গে টেলিফোনে কথা বলার সুযোগ দেওয়ার নির্দেশ দেন।

পিটিআইয়ের আইনজীবী সালমান সাফদার ইমরান খানের চিকিৎসা-সংক্রান্ত একটি প্রতিবেদন আদালতে জমা দেওয়ার পর সর্বোচ্চ আদালত এ নির্দেশ দেন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইমরানের ডান চোখে রক্ত জমাট বাঁধার কারণে মারাত্মক ক্ষতি হয়েছে। চিকিৎসা (ইনজেকশনসহ) নেওয়া সত্ত্বেও বর্তমানে তার ডান চোখে মাত্র ১৫ শতাংশ দৃষ্টি রয়েছে।

সাত পৃষ্ঠার ওই প্রতিবেদনে আদিয়ালা কারাগারে তার সঙ্গে সাক্ষাতের বিবরণ তুলে ধরা হয়। আদালত সালমান সাফদারকে অ্যামিকাস কিউরি (আদালতের সহায়ক) হিসেবে নিয়োগ দিয়ে ১১ ফেব্রুয়ারির মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছিল।

এদিকে আলিমা খান বলেন, পরিবারের সদস্যরা ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে ইমরান খানের জরুরি চিকিৎসার অপেক্ষায় আছেন, যাতে তার দৃষ্টিশক্তি পুনরুদ্ধার করা যায়।

চোখের চিকিৎসায় ‘ইচ্ছাকৃত বিলম্ব’ করা হচ্ছে বলে অভিযোগ করে তিনি বলেন, স্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকি এড়াতে পরিবার ও দল আর কোনো দেরি মেনে নেবে না।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram