ঢাকা
logo
প্রকাশিত : September 30, 2026

‘সব মজা শুধু ছেলেরাই নেবে কেন’

অভিনয়ে চরিত্রের প্রয়োজনে এবার নাচের পাশাপাশি মার্শাল আর্টেও দক্ষতা অর্জন করছেন অভিনেত্রী শোভিতা ধুলিপালা। তামিল সিনেমা ‘ভেট্টুভাম’-এ অভিনয়ের জন্য মার্শাল আর্টের প্রশিক্ষণ নিতে গিয়ে এই শিল্পের প্রতি তার আগ্রহ এতটাই বেড়েছে যে, এখন নাচের চেয়েও মার্শাল আর্টকে বেশি পছন্দ করছেন তিনি।

পা রঞ্জিত পরিচালিত ‘ভেট্টুভাম’ অ্যাকশন ও সায়েন্স ফিকশনের মিশেলে নির্মিত সিনেমা। এতে শোভিতার সঙ্গে অভিনয় করছেন ভিআর দিনেশ ও আরিয়া। সিনেমাটিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে শোভিতাকে। চরিত্রের প্রস্তুতির অংশ হিসেবেই তাকে মার্শাল আর্টের প্রশিক্ষণ নিতে হয়েছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির ‘ইউভা ২০২৬’-এ অতিথি হয়ে সিনেমাটি ও নিজের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন শোভিতা। মার্শাল আর্ট শেখার অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি জানান, ‘ভেট্টুভাম’-এর মাধ্যমেই প্রথমবার এই শিল্পের সঙ্গে পরিচিত হয়েছেন। একই সঙ্গে ভারতের ঐতিহ্যবাহী মার্শাল আর্টের বিভিন্ন ধরন নিয়েও আগ্রহ তৈরি হয়েছে তার। বিশেষ করে কলারিপায়াত্তু ও মল্লখম্বের কথা উল্লেখ করেন অভিনেত্রী।

শোভিতার কাছে মার্শাল আর্ট শুধু সিনেমার প্রস্তুতি কিংবা শরীরচর্চার বিষয় নয়। অনুশীলনের মাধ্যমে মানসিক চাপ ও অস্বস্তিও কমাতে পেরেছেন বলে জানান তিনি। শারীরিক ফিটনেসের পাশাপাশি নিজের ভেতরেও পরিবর্তন অনুভব করেছেন অভিনেত্রী।

শাস্ত্রীয় নৃত্যে প্রশিক্ষিত শোভিতাকে প্রশ্ন করা হয়, নাচ ও মার্শাল আর্টের মধ্যে এখন কোনটিকে বেছে নেবেন তিনি। উত্তরে অভিনেত্রী জানান, এমন সিদ্ধান্ত নিজেই দেবেন বলে আগে ভাবেননি। তবে মার্শাল আর্টের অনুশীলন তাকে যেভাবে চাপমুক্ত করেছে, তা তার বেশ ভালো লেগেছে। তাই এখন নাচের পরিবর্তে মার্শাল আর্টকেই বেছে নেওয়ার কথা বলেন তিনি।

মজার ছলে শোভিতা বলেন, ‘সব মজা শুধু ছেলেরাই নেবে কেন?’ তার এই মন্তব্যে যেমন রসিকতার ছোঁয়া ছিল, তেমনি মার্শাল আর্টের মতো শারীরিক কৌশলভিত্তিক শিল্পে নারীদের অংশগ্রহণের বিষয়টিও উঠে আসে।

‘ভেট্টুভাম’-এর গল্পে তিনটি ভিন্ন সময়কে একটি অভিন্ন সূত্রে যুক্ত করা হয়েছে। অতীতের মানুষের ঐতিহ্য, সংঘাত ও ক্ষমতার লড়াই কীভাবে বর্তমানকে প্রভাবিত করে এবং ভবিষ্যতের পথ তৈরি করে, সিনেমাটিতে তা তুলে ধরা হবে। গল্পের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে রয়েছে মার্শাল আর্ট ও ঐতিহ্যের যোগসূত্র।

সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন জি ভি প্রকাশ কুমার। সংলাপ লিখেছেন ফ্র্যাঙ্কলিন জ্যাকব। চিত্রগ্রহণে রূপেশ শাজি, সম্পাদনায় সেলভা আরকে এবং শিল্প নির্দেশনায় এস এস মূর্তি। অ্যাকশন কোরিওগ্রাফি করেছেন ধিলিপ সুব্বারায়ণ। ‘ভেট্টুভাম’ চলতি বছরের ডিসেম্বরেই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram