ঢাকা
logo
প্রকাশিত : September 27, 2026

সাপের কামড়ে রাবি শিক্ষার্থী আইসিইউতে; প্রাধ্যক্ষের পদত্যাগের দাবিতে প্রশাসন ভবন ঘেরাও

‎আবু হেনা সাকিল, রাবি প্রতিনিধি: ‎রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ শামসুজ্জোহা হলে ঘুমন্ত অবস্থায় এক শিক্ষার্থীকে কালাচ সাপে কামড় দেওয়ার ঘটনায় প্রশাসন ভবন ঘেরাও করে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থী ও হল সংসদের নেতাকর্মীরা। এসময় তারা হলের সার্বিক নিরাপত্তাসহ হল প্রাধ্যক্ষের পদত্যাগ দাবি করেন।
‎
‎রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২ টার দিকে বিক্ষোভ শুরু করেন তারা। এর আগে শিক্ষার্থীরা হলের প্রাধ্যক্ষের কক্ষ ও হল কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন।

‎বিক্ষোভের সময় হলের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিভিন্ন দাবি-সংবলিত লিফলেট ও পোস্টার দেখা যায়। এতে ‘সিট বাণিজ্য আর কত’, ‘প্রভোস্টের পদত্যাগ চাই’, ‘জঙ্গলমুক্ত হল চাই’, ‘সিট নিয়ে প্রহসন বন্ধ কর’, ‘খাবারের মান বৃদ্ধি কর’, ‘ওয়াশরুম পরিষ্কার কর’ এবং ‘কতজন মরলে হল প্রশাসনের টনক নড়বে’-এসব লেখা ছিল।
‎
এসময় ‎বিক্ষোভকারী শিক্ষার্থীরা হল প্রাধ্যক্ষের পদত্যাগ, হলের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত স্নেক নেট স্থাপন, হলের চারপাশের ঝোপঝাড় ও আবর্জনা পরিষ্কার এবং সাপের উপদ্রব ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
‎
বিক্ষোভে ‎হল সংসদের ভিপি আশিকুর রহমান সোহাগ বলেন, ‘হলের ড্রেনেজ ব্যবস্থা খারাপ হওয়ায় পানি জমে থাকে এবং ড্রেন দিয়ে সাপ হলে প্রবেশ করে। এ ছাড়া হলের চারপাশের জঙ্গল পরিষ্কার করতে পর্যাপ্ত জনবল ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট রয়েছে।’

তিনি বলেন, ‘শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য স্নেক নেট স্থাপনের দাবি জানানো হলেও নিম্নমানের নেট দেওয়ায় তা বারবার পরিবর্তন করতে হয়েছে। এসব সমস্যা দ্রুত সমাধান না করায় প্রশাসনের দীর্ঘসূত্রতা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।’

হল সংসদের জিএস সোয়াইব হোসেন বলেন, ‘হলে এর আগেও সাপের ঘটনা ঘটেছে এবং বিষয়টি হল প্রশাসনকে জানানো হলেও দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাঁর অভিযোগ, হলের চারপাশের জঙ্গল ও নালা নিয়মিত পরিষ্কার না করায় সাপের উপদ্রব বাড়ছে।’

তিনি জানান, ‘সর্বশেষ ভোরে আবাসিক শিক্ষার্থী নুরনবী ইসলামকে সাপে কামড় দেওয়ার পর প্রথমে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অ্যান্টিভেনম দেওয়ার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে নেওয়া হয়। এ ঘটনায় হল প্রশাসনের গাফিলতির সুষ্ঠু বিহিত দাবি করেন তিনি।’

আন্দোলনরত শিক্ষার্থী নাজমুল হাসান আশিক বলেন, আমাদের হলের চারপাশে এমন অবস্থা, যেখানে সাধারণ শিক্ষার্থী হিসেবে আমাদের বসবাস করা অনুপযোগী। আমরা হল প্রশাসন, প্রভোস্টদের সবাইকে জানানোর পরেও তারা আমাদের এ বিষয়ে তারা কোন যৌক্তিক কাজ করেননি। বরং তারা এতই গরিমসি করেছে যে এক মাস পর এসে পুনরায় আমাদের বন্ধুকে সাপে দংশন করেছে। আমরা এখানে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।

আন্দোলনে একাত্মতা জানিয়ে সেখানে উপস্থিত হন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি মোস্তাকুর রহমান জাহিদ ও এজিএস সালমান সাব্বিরসহ অন্যান্য প্রতিনিধিরা।

ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘রুমের ভিতরে যদি শিক্ষার্থীরা নিরাপদ থাকতে না পারে, তাহলে আমাদের একটাই প্রশ্ন হল প্রশাসন সেখানে কি করে। আমরা শিক্ষার্থীদের সকল দাবির সাথে একাত্মতা জানাচ্ছি।’

এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান শিক্ষার্থীদের সাথে কথা বললেও দাবি আদায় হওয়ার আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

‎এর আগে আজ ভোর সাড়ে ৪টার দিকে হলের ১৩৮ নম্বর কক্ষে ঘুমন্ত অবস্থায় নুরনবী ইসলাম নামে এক শিক্ষার্থীকে কালাচ সাপে কামড় দেয়। তিনি বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
‎
‎সাপের কামড়ে আহত হওয়ার পর নুরনবীকে প্রথমে রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নেওয়া হয়। পরে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তাঁকে অ্যান্টিভেনম দেওয়ার পর চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে নেওয়া হয়।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram