

আবু হেনা সাকিল, রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণিত বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আসিফ মিয়া অনিকের উপর গুপ্তচর বৃত্তির অভিযোগ তুলেছে বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হল ছাত্রদল। অভিযুক্ত শিক্ষার্থীকে শিবিরের দায়িত্বশীল বলেও অভিযোগ করেন তারা।
আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ তুলেন তারা।
হল ছাত্রদল সভাপতি মেহেদী হাসান ফুয়াদ বলেন, সে আমাকে বার বার ফোন দিয়ে আমার কক্ষে গিয়েছিল। কক্ষে প্রবেশ করেই সে খাতা কলম নিয়ে লেখা শুরু করেছে 'আমি মন থেকে ছাত্রদল করতে চাই'। পরে আবার স্বাক্ষরও করেছে। তাকে প্রশ্ন করা হলে সে অসঙ্গতিপূর্ণ উত্তর দেয়। পরবর্তীতে সে নিজ ইচ্ছায় আমার হাতে ফোন দেয়। পরবর্তীতে শহীদ শামসুজ্জোহা হল সংসদের সহ-সভাপতির (ভিপি) সাথে রানিং মেসেজ সামনে আসে।
তিনি আরোও বলেন, তাকে কোনো ভাবে শারীরিক বা মানসিক ভাবে নির্যাতন করা হয় নি। কিন্তু সকালে উঠে সে মিথ্যাচার শুরু করেছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এবং এই ঘটনার সাথে জড়িত সকলের বিচারের আওতায় আনার অনুরোধ জানাচ্ছি।
প্রাণরসায়ন ২০১৮-১৯ বিভাগের শিক্ষার্থী ও জোহা হল ছাত্রদলের সাধারণ সম্পাদক সবুজ শাহরিয়ার বলেন, সে নিজে স্বীকার করেছিল সে শিবিরের হয়ে গুপ্তচর বৃত্তির জন্য এসেছিল। সে সকালে মারধর বা নির্যাতনের অভিযোগ করেছে। তবে সে রাতেই হল প্রভোস্টের সামনে স্বীকারোক্তি দিয়েছিল তাকে কোনোভাবেই লাঞ্ছিত করা হয় নি।
আমরা জানতে চাই, সকাল হতেই তার এই সিদ্ধান্তের পরিবর্তন কেন? এর পিছনে কে বা কারা আছে। তাদের কঠোর শাস্তির আওতায় আনা হোক।
উল্লেখ্য, সোমবার দিবাগত রাত ৩ টার দিকে হলটির ভেতরে উক্ত শিক্ষার্থীকে শিবির সংশ্লিষ্টতার অভিযোগে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছিল ছাত্রদলের উপরে।
