

পবিপ্রবি প্রতিনিধি: “একটি গাছ, একটি প্রাণ—সবুজ হোক আমাদের চেতনা” প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবির) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এইচআর ক্লাবের উদ্যোগে ‘বৃক্ষরোপণ ক্যাম্পেইন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. এ.বি.এম. সাইফুল ইসলাম, ট্রেজারার প্রফেসর মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক মো. জামাল হোসেন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. বদিউজ্জামান, পিজিএস-এর ডিন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান, এইচআর ক্লাবের প্রধান উপদেষ্টা ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, উপদেষ্টা সহযোগী অধ্যাপক মো. তারিকুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এইচআর ক্লাবের প্রেসিডেন্ট এবং ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মো. মমিন উদ্দিন। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন এইচআর ক্লাবের সাধারণ সম্পাদক মোফাসেরুল হক তন্ময় এবং ক্লাবের কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.এস এম হেমায়েত জাহান বলেন, জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ ও বৈশ্বিক উষ্ণায়নের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে প্রতিটি মানুষের বৃক্ষরোপণে এগিয়ে আসা প্রয়োজন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে আরও সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
পরে অতিথিবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং এইচআর ক্লাবের সদস্যরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।
