ঢাকা
logo
প্রকাশিত : July 29, 2026

সাধারণ শিক্ষার্থীর ব্যানারে রাবি ছাত্রদলের মানববন্ধন

আবু হেনা সাকিল, রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় লাইব্রেরিতে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। বুধবার (২৯ জুলাই) বেলা ১১টা ৪৫ মিনিটে ‘সাধারণ শিক্ষার্থীদের’ ব্যানারে ছাত্রদলের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে হামলার ঘটনায় ছাত্রদল, শিবির ও রাকসুর সংশ্লিষ্টদের বিরুদ্ধে অভিযোগ তুলে জড়িতদের বিচারের দাবি জানানো হয়। ‎দাবিগুলো হলো—ছাত্রত্ব বাতিল, গ্রেপ্তার ও বিচারের আওতায় আনা; হামলায় জড়িত রাকসু প্রতিনিধিদের পদ থেকে অপসারণ ও বহিষ্কার; প্রক্টর অফিসে শিক্ষার্থীকে মারধরের অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা; নারী শিক্ষার্থীকে কেন্দ্র করে ওঠা অভিযোগের স্বচ্ছ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা; এবং ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত ও সহিংসতামুক্ত পরিবেশ বজায় রাখতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ।

‎মানববন্ধনে রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থী ও তাদের ন্যায্য আন্দোলনের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানেও আমরা শিক্ষার্থীদের পাশে ছিলাম। বর্তমানে সাংবাদিকদের প্রতি যে হুমকি ও ভীতির পরিবেশ সৃষ্টি করা হচ্ছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

‎সাংবাদিকদের প্রতি আহ্বান থাকবে, আপনারা সতর্ক থাকবেন এবং কোনো ধরনের হুমকির মুখে পড়লে আইনের আশ্রয় নেবেন। আমরা বিশ্বাস করি, বাকস্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় আইন কার্যকর ভূমিকা পালন করবে।

‎সাংবাদিকদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সংহতি প্রকাশ করছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ছাত্রসংগঠন ও প্রশাসনের প্রতি আহ্বান জানাই, তারা যেন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন। ন্যায়বিচার প্রতিষ্ঠার এই দাবিতে ছাত্রদল সবসময় সাংবাদিকদের পাশে থাকবে।

‎রাবি শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শাকিলুর রহমান সোহাগ বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের নিরাপত্তা, সম্মান এবং সত্যনিষ্ঠ সাংবাদিকতার ঐতিহ্যের প্রতি তিনি শ্রদ্ধা জানান। সম্প্রতি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক এবং বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের উদ্দেশে করা অনাকাঙ্ক্ষিত মন্তব্যের নিন্দা জানিয়ে তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা শুধু পেশাগত দায়িত্ব পালন করেন না, তারা এ বিশ্ববিদ্যালয়েরই শিক্ষার্থী এবং সাধারণ শিক্ষার্থীদের মতো তারাও এই ক্যাম্পাসের অংশ।

‎তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী নগরীতে কর্মরত অনেক সাংবাদিকই বিশ্ববিদ্যালয়ের বর্তমান বা সাবেক শিক্ষার্থী। তারা পেশাগত নীতিমালা ও সাংবাদিকতার নৈতিকতা অনুসরণ করে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের দায়িত্ব পালন করেন। কোনো সংবাদ কারও পছন্দ না হলেও সাংবাদিকদের হুমকি দেওয়া, ভয়ভীতি প্রদর্শন করা বা ব্যক্তিগতভাবে আক্রমণ করা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

‎তিনি আরও বলেন, কোনো সংবাদ নিয়ে আপত্তি বা ভিন্নমত থাকলে তা যুক্তি, তথ্য ও প্রমাণের ভিত্তিতে সাংবাদিকদের সামনে তুলে ধরা উচিত। গণমাধ্যমকে এড়িয়ে বা সাংবাদিকদের ভয় দেখিয়ে সত্যকে আড়াল করা সম্ভব নয়। তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যদি নিজেদের অবস্থান সঠিক বলে বিশ্বাস করেন, তাহলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তথ্য-প্রমাণসহ নিজেদের বক্তব্য উপস্থাপন করুন।

‎মানববন্ধনে রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী, সিনিয়র সহ-সভাপতি শাকিলুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক, সর্দার জহুরুল সহ প্রায় শতাধিক নেতাকর্মী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram