ঢাকা
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৬:০২
logo
প্রকাশিত : এপ্রিল ২, ২০২৬

৮ম দিনে গড়াল পবিপ্রবির ডিভিএম শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন, শিক্ষক-শিক্ষার্থী আলোচনায় সমাধানহীন সংকট

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিসিপ্লিনে ভর্তি হওয়া শিক্ষার্থীরা ডিভিএম পুনর্বহালের দাবিতে গত ৪ মার্চ সকল প্রকার ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়ে বিক্ষোভ মিছিল ও বিভিন্ন কর্মসূচি পালন করে। সেই ধারাবাহিকতায় আজ (২ এপ্রিল) শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেন ডিভিএম ডিসিপ্লিনের শিক্ষকরা। তবে যথাযথ সমাধান না পাওয়ায় আন্দোলন অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষার্থীরা।

এর পূর্বে, গত ২৬ ফেব্রুয়ারি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ডিভিএম ডিসিপ্লিনের শিক্ষার্থীরা ডিভিএম পুনর্বহালের দাবিতে উপ-উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, তারা পূর্বে ডিভিএম ডিসিপ্লিনের নিয়মিত শিক্ষার্থী ছিলেন। তবে বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত ৫৪তম (জরুরি) একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তের প্রেক্ষিতে ডিভিএম এবং অ্যানিম্যাল হাসব্যান্ড্রি ডিগ্রি বাতিল করে তাদের বি.এসসি ইন ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাসব্যান্ড্রি ডিগ্রির আওতায় অন্তর্ভুক্ত করা হয়।

পরবর্তীতে মাননীয় হাইকোর্ট বিভাগে দায়ের করা রিট পিটিশন নং ১৭৩১৮/২০২৫ মামলার রায়ে পৃথকভাবে ডিভিএম ও বি.এসসি এএইচ (অনার্স) ডিগ্রি বাতিলের সিদ্ধান্তকে আইনবহির্ভূত ঘোষণা করা হয় এবং স্বতন্ত্র কোর্সসমূহ সমান্তরালভাবে চালু রাখার নির্দেশ প্রদান করা হয়।

এরপর বিশ্ববিদ্যালয় পক্ষ থেকে আপিল করা হলে গত ১১ মার্চ চেম্বার আদালতের সিদ্ধান্ত মোতাবেক ৫ মার্চ প্রদান করা স্থগিতাদেশ বাতিল করা হয় এবং শিক্ষার্থীদের স্ব স্ব ডিগ্রিতে ক্লাস কার্যক্রম চালানোর অনুমতি প্রদান করা হয়।

এ রায়ের আলোকে শিক্ষার্থীরা তাদের একাডেমিক অবস্থান স্পষ্ট হওয়ায় পূর্বের ডিভিএম ডিগ্রি পুনর্বহালের দাবি জানায়। কিন্তু এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ লক্ষণীয় না হওয়ায় ডিভিএম ডিসিপ্লিনের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করতে বাধ্য হয় বলে জানা যায়।

এ সময় উপস্থিত এক শিক্ষার্থী বলেন, “আমাদের দাবি একটাই—আমরা পূর্বের কারিকুলামে ডিভিএম ডিগ্রিই পুনর্বহাল চাই। দুঃখজনকভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন নানা অজুহাত দেখিয়ে আমাদের যৌক্তিক দাবিকে ভিন্ন দিকে প্রবাহিত করে আন্দোলন দমনের চেষ্টা করছে। আমাদের বিভিন্ন মৌখিক আশ্বাস দেওয়া হচ্ছে, যেগুলোর ভিত্তি শিক্ষার্থীরা খুঁজে পাচ্ছে না।”

তিনি আরও বলেন, “আমরা স্পষ্টভাবে জানাতে চাই, যতদিন পর্যন্ত বিশ্ববিদ্যালয় ডিভিএম ডিগ্রি পুনর্বহালে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করবে না, ততদিন শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। দাবি পূরণ না হলে প্রয়োজনে আমরা আরও কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব। আমরা শান্তিপূর্ণ ও ন্যায্য আন্দোলনে বিশ্বাসী; তবে প্রয়োজন হলে তা আরও শক্তিশালী রূপ ধারণ করবে।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলামের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram