ঢাকা
১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:১৭
logo
প্রকাশিত : জানুয়ারি ১৮, ২০২৬

বাস্তবমুখী শিক্ষা দেয়ার প্রয়াসে জেডএনআরএফ ইউনিভার্সিটি

জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেস (জেডইউএমএস) দেশের উচ্চশিক্ষায় সময়োপযোগী ও প্রযুক্তিগত দক্ষতার সমন্বয় শিক্ষার্থীদের জন্য খুলেছে নতুন সম্ভাবনার দিগন্ত।

জুবায়দুর অ্যান্ড নার্গিস রহমান ফাউন্ডেশন ট্রাস্টের উদ্যোগে প্রতিষ্ঠিত জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেস ধীরে হলেও দৃঢ়ভাবে নিজের অবস্থান তৈরি করছে সম্ভাবনাময় উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে।

বিশ্ববিদ্যালয়টি শিক্ষার্থীদের জন্য ব্যবস্থাপনা ও প্রযুক্তি দক্ষতার সমন্বিত শিক্ষা নিশ্চিত করছে। এটি কেবল শিক্ষাকে বাস্তবমুখী করছে না, বরং দেশের উচ্চশিক্ষা ও উদ্যোক্তা সংস্কৃতিতে নতুন দিগন্ত উন্মোচন করছে। এই উদ্যোগ প্রমাণ করছে যে সঠিক দিকনির্দেশনা ও বাস্তবমুখী শিক্ষা থাকলে শিক্ষার্থীরাই ভবিষ্যতের উদ্ভাবক, উদ্যোক্তা ও নেতৃত্বে পরিণত হতে পারে এই দেশকে একটি শক্তিশালী দেশ হিসাবে প্রতিষ্ঠিত করা।

বিশ্ববিদ্যালয়টি শিক্ষার্থীদের বিশ্বমানের শিক্ষা দেয়ার প্রয়াস চালিয়ে যাচ্ছে। শিক্ষার্থীরা দেশি-বিদেশি অভিজ্ঞ ও পিএইচডি ডিগ্রি সম্পন্ন শিক্ষকমণ্ডলীর মাধ্যমে যুগোপযোগী শিক্ষার সুযোগ পাচ্ছেন।

জেডইউএমএস’র সহযোগী অধ‍্যাপক ও পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) রুমা হালদার জানান, বিশ্ববিদ্যালয়টিতে তুলনামূলক কম খরচে পড়তে পারছেন শিক্ষার্থীরা। সেইসঙ্গে শিক্ষার্থীদের জন্য রয়েছে শতভাগ বৃত্তিসহ বিভিন্ন পরিমাণে বৃত্তির ব্যবস্থা। রয়েছে ছাত্র-ছাত্রীর জন্য নিরাপদ আবাসন ব্যবস্থা। শিক্ষার্থীরা তৃতীয়বর্ষ থেকেই ইন্টার্নশিপ এবং ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ের মাধ্যমে পাচ্ছেন বাস্তবসম্মত জ্ঞানার্জনের সুযোগ।

যোগাযোগ দক্ষতা বৃদ্ধির জন্য নানা কার্যক্রমের পাশাপাশি বাধ্যতামূলকভাবে শিক্ষার্থীদের করতে হচ্ছে কমিউনিটি সার্ভিস। ক্যারিয়ার প্রিপারেশনের জন্য রয়েছে ক্যারিয়ার ওয়ার্কশপ, যেখানে ছাত্রছাত্রীরা তাদের কাঙ্ক্ষিত উদ্দেশ্যে পৌঁছাবার পথগুলো জানতে পারেন এবং শিখতে পারেন।

বিশ্ববিদ্যালয়টির ভাইস চ্যান্সেলর ও প্রতিষ্ঠাতা ড. এম. জুবায়দুর রহমানের রয়েছে বর্ণাঢ্য ক্যারিয়ার। তিনি মাধ্যমিক স্তর থেকে শুরু করে জাতীয় সকল পরীক্ষায় মেধা তালিকায় শীর্ষস্থান অর্জন করেন। এরপর ১৯৭৮ সালে ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনিভার্সিটিতে ফিন্যান্স বিষয়ে পিএইচডি গবেষণা শুরু করেন। ১৯৮২ সালে লাভ করেন পিএইচডি ডিগ্রি। ১৯৭৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেকচারার পদে শিক্ষকতা পেশায় যোগ দেন এবং ১৯৮৩ সালে সহযোগী অধ্যাপক হিসেবে ফিন্যান্স বিভাগের বিভাগীয় প্রধান নিযুক্ত হন। ১৯৮৫ সালে তিনি স্টেট ইউনিভার্সিটি অব নিউ ইয়র্ক এর প্রফেসর পদে যোগদান করেন।

শিক্ষকতা জীবনে তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসর হিসেবে কাজ করেছেন যেমন- ইতালির ইউনির্ভাসিটি অব বোকোনি, রাশিয়ার মস্কো স্টেট ইউনিভার্সিটি এবং লেলিনগ্রাদ ইন্টারন্যশনাল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট। ড. জুবায়দুর রহমান ২০০০ সালে বিশ্বব্যাংকের সদর দপ্তর ওয়াশিংটনে একজন সিনিয়র প্রফেশনাল হিসেবে যোগদান করেন। তিনি ২০১৫ সাল অবধি বিশ্বের বিভিন্ন অঞ্চলের পঞ্চাশোর্ধ দেশে শিক্ষা, গবেষণা, অর্থনৈতিক সংস্কার-রূপান্তর এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নে গুরুত্বপূর্ণ বৈশ্বিক দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালে জাতিসংঘের বিশেষজ্ঞ প্রতিনিধি হিসেবে এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্রের একটি বৃহৎ প্রফেশনাল সার্ভিসেস ফার্মের পরিচালক হিসেবে তৎকালীন সোভিয়েত ইউনিয়নে অর্থনৈতিক সংস্কার ও বাজার অর্থনীতি প্রবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

তিনি ওয়াশিংটনে বিশ্বব্যাংকে কাজ করেছেন। সাংবাদিকতায়ও ছিল তার পদচারণা। তিনি ১৯৭২-৭৫ সালে দৈনিক পূর্বদেশ ও বাংলাদেশ টাইমস-এ সাংবাদিক হিসেবে কাজ করেছেন। আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রফেসর জুবায়দুর রহমানের বহু গবেষণা ও প্রকাশনা রয়েছে।

তারই সহধর্মিণী নার্গিস রফিকা রহমান; তৎকালীন সময়ে নারী শিক্ষাই যেখানে প্রায় অসম্ভব ছিল সেখানে একজন মেধাবী এবং নারী সাংবাদিক হিসেবে তিনি কাজ করেছেন দৈনিক পূর্বদেশ পত্রিকায়। ২০১৬ সালে তিনি যুক্তরাষ্ট্রের বিলাসবহুল জীবন ছেড়ে অর্জিত জীবনের সঞ্চয় এবং সকল স্থাবর-অস্থাবর সম্পত্তি দান করে তৈরি করেছেন ‘জুবায়দুর অ্যান্ড নার্গিস রহমান ফাউন্ডেশন’। এই ফাউন্ডেশনের উদ্যোগেই প্রতিষ্ঠিত হয়েছে বিশ্বমানের শিক্ষাঙ্গন। তিনি বর্তমানে জেডএনআরএফ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান।

২০১৮ সালে শিক্ষা কার্যক্রমের অনুমতি পায় বিশ্ববিদ্যালয়টি। কোভিডের স্থবিরতা কাটিয়ে ২০২১ সাল থেকে বিশ্ববিদ্যালয়টি শিক্ষা কার্যক্রম শুরু করে। বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাস রাজধানীর মধ্য বাড্ডায় অবস্থিত। উচ্চ শিক্ষায় পরিবর্তনের অঙ্গীকার নিয়ে জাতীয় ও বৈশ্বিক কর্মবাজারের জন্য দক্ষ ও যোগ্য গ্র্যাজুয়েট তৈরির প্রতিশ্রুতি নিয়ে জেডইউএমএস উচ্চশিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনা করছে।

ড. জুবায়দুর রহমান বলেন, বাংলাদেশের আইনের মধ্যে আছে যে, শিক্ষানুরাগীরাই বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় উদ্যোগ নেবেন। অনেক ক্ষেত্রেই তা হয়নি। তাই একটু ভিন্নতা নিয়ে আমরা লক্ষ্য স্থির করেছি এবং শিক্ষার্থীদের শুধু সার্টিফিকেটে না, মানসম্মত শিক্ষাও নিশ্চিত করার চেষ্টা করছি। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শ্রম বাজারের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবে।

বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান নার্গিস রহমান বলেন, আমরা বিদেশে থেকে চিন্তা করেছি দেশের মানুষের জন্য কিছু ফেরত দিতে হবে। এইজন্য আমরা নৈতিক দায়িত্ব থেকেই এই কাজে হাত দিয়েছি।

এই দম্পতি বলেন, আমরা শিক্ষার্থীদের নিজ সন্তানের চোখে দেখি। আমরা চাই তারা প্রতিষ্ঠিত হোক। সারা জীবনের সঞ্চিত সম্পদ দিয়ে যদি দেশের জন্য সামান্য অবদান রাখতে পারি- তাহলে আমরা নিজেদের ধন্য মনে করবো।

অধ্যাপক ড. এম. জুবায়দুর রহমানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের মূল দর্শন হলো তাত্ত্বিক জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতার কার্যকর সমন্বয়। একজন দক্ষ ব্যবস্থাপক গড়ে তুলতে শুধু পাঠ্যবই যথেষ্ট নয়, প্রয়োজন নৈতিকতা, নেতৃত্বগুণ, আধুনিক চিন্তাধারা ও প্রযুক্তিগত সক্ষমতা।

পাঠ্যক্রম সাজানো হয়েছে কর্পোরেট ও শিল্পখাতের চাহিদা অনুযায়ী। কেস স্টাডি, প্রজেক্ট ওয়ার্ক, গ্রুপ ডিসকাশন ও প্রেজেন্টেশনের মাধ্যমে শিক্ষার্থীদের বিশ্লেষণধর্মী চিন্তাভাবনা ও সমস্যা সমাধানের সক্ষমতা বাড়ানো হচ্ছে। ইন্টার্নশিপ ও মাঠপর্যায়ের অভিজ্ঞতা শিক্ষার্থীদের পেশাগত জীবনের জন্য প্রস্তুত করছে।

বর্তমানে বিশ্ববিদ্যালয়টি ইংরেজি, অর্থনীতি, বিবিএ, ইইই, সিএসই, আইটিএম, এলএলবি এবং এমবিএ প্রোগ্রাম পরিচালনা করছে। শিক্ষার্থীরা ব্যবস্থাপনা জ্ঞান ও প্রযুক্তিগত দক্ষতা একসঙ্গে অর্জন করছে, যা তাদের বর্তমান ও ভবিষ্যৎ কর্মবাজারে প্রতিযোগিতামূলক করে তুলছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram