ঢাকা
৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১১:০০
logo
প্রকাশিত : জানুয়ারি ১২, ২০২৬

চবি শিক্ষককে হেনেস্তার ঘটনায় ঢাবি সাদা দলের নিন্দা ও প্রতিবাদ

ঢা‌বি প্রতিনিধি: সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক হাসান মোহাম্মদকে প্রকাশ্যে হেনেস্তা করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢা‌বি) সাদা দল। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত, নিরপেক্ষ তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছে তারা।

র‌বিবার রা‌তে ঢা‌বি সাদা দ‌লের আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আবদুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার স্বাক্ষ‌রিত এক বিবৃ‌তি‌তে এ দা‌বি জা‌নি‌য়ে‌ছে।

বিবৃতি‌তে নেতৃবৃন্দ ব‌লেন, বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষককে প্রকাশ্যে অপমান, ভীতি প্রদর্শন, শারীরিক হেনেস্তা করা শিক্ষাঙ্গনে নিরাপত্তাহীনতা সৃষ্টি করে। তার বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে তা অবশ্যই আইনানুগ ও প্রশাসনিক প্রক্রিয়ায় নিস্পত্তি করতে হবে এবং এই নিষ্পত্তির একমাত্র পথ আইন ও প্রশাসনিক তদন্ত, কোনভাবেই "মব জাস্টিস" নয়। তাই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত, নিরপেক্ষ তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছে সাদা দল।

তারা ব‌লেন, একই ঘটনা ইতোপূর্বে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়সমূহে হয়ে আসছে যা শিক্ষার পরিবেশকে হুমকির দিকে নিয়ে যাচ্ছে। গত ৩/৪ মাসে ক্যাম্পাসগুলোতে মব সংস্কৃতি ও শিক্ষক নিপীড়নের প্রবণতা আবার বাড়ছে, যা উদ্বেগজনক। ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল এসব আগ্রাসী ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। সাদা দল মনে করে আইন নিজের হাতে তুলে নেয়া অবশ্যই একটি শাস্তিযোগ্য অপরাধ।

তারা আ‌রো ব‌লেন, একই সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সাদা দল জোড়ালো দাবী জানাচ্ছে যে, যারা ২৪শের জুলাই আন্দোলনের বিপক্ষে প্রকাশ্যে অবস্থান নিয়ে সেসময় আন্দোলনরত শিক্ষার্থীদের বিভিন্নভাবে হুমকি ও হেনেস্তা করেছে তাদের বিরুদ্ধে যেন অতি দ্রুত আইনানুগ ও সর্বোচ্চ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রকৃত অপরাধী যেন দীর্ঘদিন শাস্তির আওতার বাইরে না থাকে। একই সাথে ভিন্ন মতাবলম্বী হলেও নিরপরাধ কাউকে যেন কোনভাবেই হয়রানির শিকার হতে না হয়।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram