

আবু হেনা সাকিল, রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালরের (রাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের এক নারী শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। আজ বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান।
নিহত শিক্ষার্থীর নাম লামিসা নওরিন পুষ্পিতা (২১)। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী। তার বাবার নাম মুহাম্মদ কুদরৎ উল্লাহ বিপ্লব। তার বাসা ঝিনাইদহ।
প্রত্যক্ষদর্শীরা জানান, ‘আজ বিকেলে মেসে নিজ রুমে আত্মহত্যা প্রচেষ্টা করলে পাশের রুমের ছাত্রীরা তাকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে রামেক পাঠালে কিছু সময় পর মৃত্যুবরণ করে।’
প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, ‘আমি বাইরে আছি, কিন্তু আত্মহত্যার খবর পেয়েছি।মতিহার থানার ওসি আমাকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।’
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, ‘আমরা তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। আমরা তার পরিবারকে জানিয়েছি। তার অভিভাবক আসার পর আমরা এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিব।’
