

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন চলছে। এখন পর্যন্ত বড় কোনো অভিযোগ উঠেনি। যেসব অভিযোগ এসেছে তার তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে প্রশাসন। পরিচয়পত্র ছাড়া বা ভুয়া পরিচয়পত্র নিয়ে ভোট দেয়ার চেষ্টা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন একাধিক প্রার্থী। দুপুরের পর এমনটা হতে পারে বলে তাদের আশঙ্কা। ইতোমধ্যে এমন দু'একটি ঘটনাও ঘটেছে। তবে এ বিষয়ে সতর্ক রয়েছে প্রশাসন।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে কার্জন হল কেন্দ্রে ভোট দিতে যাওয়া একজনকে ফিরিয়ে দেয়া হয় বৈধ পরিচয়পত্র না থাকার কারণে। তিনি যে পরিচয়পত্র দেখান তা গ্রহণ করেননি ভোটগ্রহণ কর্মকর্তা।
দুপুরে ঢাবি ছাত্র দাবি করে ক্যম্পাসে প্রবেশ করতে চান একজন। তবে তার কাছে কোনো পরিচয়পত্র না থাকায় আটকে দেন নিরাপত্তা কর্মীরা।
পরিচয় জানতে চাইলে এবং আইডি কার্ড দেখানোর কথা বললে ওই যুবক বলেন, ‘আমি একাত্তর হলে ৩১২ নম্বর রুমে থাকি। আমার কার্ডসহ সবকিছু ওখানে আছে।’
তাকে জিজ্ঞাসা করা হয় কোথায় যাবেন। তিনি বলেন, ‘আমি হলে যাবো। আমার সবকিছু হলে আছে, আমার কাছে নেই।’ এরপর তিনি বলেন, আমি একাত্তরে থাকি। বাসায় গিয়েছিলাম। কার্ড সঙ্গে নেই।’ তিনি আরও বলেন, আমি এমফিলের ছাত্র। তখন প্রক্টোরিয়াল টিম জানায়, এমফিলের কোনো ছাত্র হলে বৈধ নয়।
এক পর্যায়ে সামনে থাকা সাংবাদিকদের উদ্দেশে ওই যুবক বলেন, ‘ক্যামেরা রাখেন, কী দেখছেন এখানে।’
