

ইলহাম ইসলামিক স্কুলে শনিবার সকালে অনুষ্ঠিত হয়েছে ২০২৫ সালের সামার টার্ম পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ।
সকাল ১০টায় স্কুল মিলনায়তনে স্কুলের এডমিন অফিসার মুন্সী মোমেনের সঞ্চালনায় কুরআন তেলওয়াতের মাধ্যমে শুরু হয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইলহাম ইসলামিক স্কুলের চেয়ারম্যান, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও শিক্ষানুরাগী ওবায়দুল্লাহ তারেক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেমরা আইডিয়াল কলেজের ভাইস প্রিন্সিপাল ও বরেণ্য শিক্ষাবিদ মাকসুদুর রহমান জামিল।
সমাবেশে উদ্বোধনী বক্তব্য রাখেন স্কুলের প্রধান নির্বাহী কর্মকর্তা রমজান আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্কুলের ভাইস চেয়ারম্যান মো. হারুন অর রশিদ, এনইয়াং ডেভেলপমেন্ট লিমিটেডের চেয়ারম্যান মো. নাজমুল হক ও গারে হেরা মাদরাসা (খুলনা)-এর প্রিন্সিপাল মাওলানা মোস্তফা ইবনে আব্দুর রাজ্জাক।
এছাড়াও আরো বক্তব্য রাখেন স্কুলের কো-অর্ডিনেটর, হারুন উর রশিদ ও ইনচার্জ, ইশরাত জাহান মিরা। এছাড়াও অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন বিশিষ্ট সাংবাদিক নিয়াজ মাহমুদ সোহেল।

প্রধান অতিথির বক্তব্যে মাকসুদুর রহমান জামিল বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামীর রাষ্ট্র ও সমাজের দায়িত্বভার গ্রহণ করবে। তাই শুধু পাঠ্যবই মুখস্থ করলেই হবে না—তাদের চরিত্রবান, নৈতিক ও মানবিক গুণসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষক ও অভিভাবক একসঙ্গে কাজ করলেই এ লক্ষ্যে পৌঁছানো সম্ভব।”
তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান, “শিশুদের মোবাইল বা টিভি নয়, বরং একটি ভালো পাঠ্য ও আদর্শচর্চার পরিবেশ দিন। সময় দিন, কথা শুনুন—তবেই সন্তান গড়ে উঠবে সঠিক পথে।”
সভাপতির বক্তব্যে ওবায়দুল্লাহ তারেক বলেন, “ইলহাম ইসলামিক স্কুলের লক্ষ্য শুধু শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো রেজাল্ট করানো নয়; বরং তাদের একজন ভালো মানুষ, আদর্শ নাগরিক ও নৈতিক মূল্যবোধসম্পন্ন ব্যক্তি হিসেবে গড়ে তোলা।”

তিনি আরও বলেন, “আমরা চাই শিক্ষক-অভিভাবক-শিক্ষার্থী তিন পক্ষের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় একটি আদর্শ শিক্ষাব্যবস্থা গড়ে উঠুক, যেখানে থাকবে ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়।”
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় এক সফল ও অনুপ্রেরণামূলক সমাবেশে।
