

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ এর এক বছর পূর্তি উপলক্ষ্যে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই ৩৬ কর্ণার’ উদ্বোধন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের তৃতীয় তলায় সোমবার (২৮ জুলাই) সকালে এই কর্ণারের উদ্বোধন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে জুলাই ৩৬ কর্ণারের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধন শেষে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মো. আব্দুল হাকীম। এরপর অতিথিবৃন্দ ‘জুলাই ৩৬ কর্ণার’ ঘুরে দেখেন। জুলাই ৩৬ কর্ণারে জুলাই-আগস্ট ২০২৪ গণঅভ্যুত্থানের বিভিন্ন আলোকচিত্র, পেপার কাটিং, গ্রন্থসহ বিভিন্ন ডকুমেন্ট রয়েছে। সবশেষে কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের আশপাশে বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম ও উপস্থিত অতিথিবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, জুলাই গণঅভ্যুত্থান উদ্যাপন কমিটির আহ্বায়ক ও কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) ড. মো. আশরাফুল আলম।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান, অগ্নি-বীণা হলের প্রভোস্ট মো. হারুনুর রশিদ, পরিবহন প্রশাসক প্রফেসর ড. আহমেদ শাকিল হাসমী, লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ও জুলাই গণঅভ্যুত্থান উদ্যাপন কমিটির সদস্য-সচিব মো. অলি উল্লাহ, গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) ড. মোহা. আজিজুর রহমান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
