

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. নীলিমা আক্তারের বিতর্কিত কর্মকাণ্ড, স্বৈরাচারের সহযোগী, জুলাই গণঅভ্যুত্থানকে 'মব' সম্বোধনকারী ও গণহত্যার পক্ষে বয়ান উৎপাদনকারীর অভিযোগ এনে স্থায়ী বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিভাগটির শিক্ষার্থীরা।
বুধবার (২৩ জুলাই) বেলা ১২ টার দিকে ইংরেজি বিভাগেরর শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের কলাভবন এলাকা প্রদক্ষিণ করে সংশ্লিষ্ট বিভাগের পৌঁছে বিক্ষোভ করতে থাকে। এসময় তারা বিভাগের দেয়ালে অধ্যাপক ড. নীলিমা আক্তারকে তিরস্কার করে দেয়াল লিখন করেন।
বিক্ষোভে শিক্ষার্থীরা- “একশন টু একশন, ডাইরেক্টর একশন; দালালদের বিরুদ্ধে ডাইরেক্ট একশন; দালালদের দুই গালে, জুতা মারো তালে তালে; ১ ২ ৩ ৪, নীলিমা বহিষ্কার; জুলাইয়ের অপমান সইবো নারে সইবো না; স্বৈরাচারের কালো হাত, ভেঙে দাও, গুড়িয়ে দাও ইত্যাদি স্লোগান দেন।
এসময় ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা বলেন, ফ্যাসিজমের শিকড় সমূলে উৎপাদিত না করা পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না। যদি বিশ্ববিদ্যালয় স্বল্প সময়ের মধ্যে নীলিমা আক্তারের রোধে কার্যকর ব্যবস্থা নেই আমরা কার্যকর ব্যবস্থা বলতে বুঝি স্থায়ী বহিষ্কার, তাহলে তাকে ইংরেজি বিপদ থেকে অবাঞ্চিত ঘোষণা করা হবে। আমরা তাকে যেখানে পাবো সেখানে তিরস্কার করব।
বিক্ষোভ মিছিল শেষে তারা উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করে।
স্বারকলিপিতে উল্লেখ করে তারা বলেন, ড. নীলিমা আক্তার, যিনি আওয়ামীপন্থী নীল দলের সাবেক সিন্ডিকেট সদস্য, গত জুলাই মাস থেকে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে আসছেন। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, তিনি প্রতিনিয়ত শ্রেণিকক্ষে শিক্ষার্থী-জনতার অভ্যুত্থানকে 'মব' বা উচ্ছৃঙ্খল জনতা বলে আখ্যায়িত করেন। এই ধরনের বক্তব্য শিক্ষার্থীদের মধ্যে গভীর ক্ষোভের সৃষ্টি করেছে এবং বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চেতনার পরিপন্থী। গণঅভ্যুত্থানের পর শিক্ষার্থীরা তাঁর ক্লাসে বর্জন করলেও, অত্যন্ত পরিতাপের বিষয় যে, বিভাগ থেকে তাঁর বিরুদ্ধে কোনো শান্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি, বরং তাঁর প্রতি সমর্থন জানানো হয়েছে।
তাছাড়া গতকাল, ২২শে জুলাই, ২০২৫ তারিখে, ড. নীলিমা আক্তার তাঁর একটি সামাজিক যোগাযোগমাধ্যম স্ট্যাটাসে গতবছর জুলাই থেকে আজ অবধি সকল লাশের দায় 'আন্দোলনকারীদের' উপর চাপিয়েছেন, যা ডেইলি ক্যাম্পাস নামক অনলাইন পত্রিকায় প্রকাশিত হলে, দেশব্যাপী সমালোচনার ঝড় ওঠে। এই ধরনের দায়িত্বজ্ঞানহীন ও উস্কানিমূলক মন্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মনে চরম অসন্তোষ সৃষ্টি করেছে এবং এটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে তাঁর নৈতিক অবস্থানের সম্পূর্ণ পরিপন্থী।
ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা স্মারকলিপিতে দুইটি দাবি পেশ করেন। দাবিগুলো হলো :
১. ড. নীলিমা আক্তারকে অবিলম্বে ও স্থায়ীভাবে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হোক।
২. তার বিতর্কিত বক্তব্য ও কর্মকাণ্ডের জন্য একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক।

