ঢাকা
১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১:১১
logo
প্রকাশিত : মে ১৩, ২০২৫

ঢাবিতে ‘৬ষ্ঠ আন্ত:ধর্মীয় সম্প্রীতি বিতর্ক উৎসব’ সমাপ্ত

ঢাবি প্রতিনিধি: ‘বিশ্ব আন্ত:ধর্মীয় সম্প্রীতি সপ্তাহ’ উদযাপনের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘৬ষ্ঠ আন্ত:ধর্মীয় সম্প্রীতি বিতর্ক উৎসব’ শেষ হয়েছে।

আজ মঙ্গলবার (১৩ মে) বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার প্রধান অতিথি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ‘ওয়ার্ল্ড রিলিজিয়ন্স ডিবেটিং ক্লাব’ এই বিতর্ক উৎসব আয়োজন করে।

ওয়ার্ল্ড রিলিজিয়ন্স ডিবেটিং ক্লাবের সভাপতি আসমা সুলতানা লিজা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবু সায়েম, আন্ত:ধর্মীয় ও আন্ত:সাংস্কৃতিক সংলাপ কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াছ, ওয়ার্ল্ড রিলিজিয়ন্স ডিবেটিং ক্লাবের মডারেটর মো. দিদারুল ইসলাম, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি জুবায়ের হোসেন ও সাধারণ সম্পাদক রাগীব আনজুম এবং ক্রিয়েটিভ বিজনেস গ্রুপ-এর চিফ অপারেটিং অফিসার জিয়া উদ্দিন মাহমুদ বক্তব্য রাখেন।

‘সভ্যতার বিবর্তনে নদী ও ধর্ম’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট লেখক ও নদী গবেষক শেখ রোকন। ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. শহিদুল হাসান আলোচনায় অংশ নেন। ক্লাবের সাধারণ সম্পাদক নূরুদ্দীন মুহাম্মাদ অনুষ্ঠান সঞ্চালন করেন।

উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, বিতর্ক মানুষের আন্তঃব্যক্তিক যোগাযোগ ও চিন্তাশক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বলেন, নদী, ধর্ম, প্রকৃতি ও মানুষের মধ্যে গভীর আন্তঃসম্পর্ক রয়েছে। যুক্তিতর্কের মাধ্যমে এসব বিষয় নিয়ে বিতর্ক উৎসব আয়োজন করায় তিনি আয়োজকদের ধন্যবাদ জানান।

আন্তঃধর্মীয় সম্প্রীতির উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সকল ধর্ম-বর্ণের মানুষের অংশগ্রহণে জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছে। এর মাধ্যমে আমাদের ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি আরও সুদৃঢ় হয়েছে। এই সম্প্রীতি বজায় রেখে যুক্তি নির্ভর মানবিক সমাজ গড়ার জন্য তিনি তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান।

উপদেষ্টা ফরিদা আখতার বিতর্ক চর্চার গুরুত্ব তুলে ধরে বলেন, সমাজকে সঠিক পথে এগিয়ে নিতে শিক্ষার্থীদের বিতর্ক চর্চার পরিধি আরও বাড়াতে হবে।

তিনি বলেন, নদীর সঙ্গে এদেশের মানুষের জীবন ও সংস্কৃতির গভীর মিল রয়েছে। নদী, প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

এই বিতর্ক উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩২টি বিতর্ক দল অংশ নেয়। এতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেনারি সায়েন্স অনুষদের বিতর্ক দল চ্যাম্পিয়ন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের বিতর্ক দল রানার্সআপ হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram