ঢাকা
৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৯:০১
logo
প্রকাশিত : জানুয়ারি ১২, ২০২৫

বায়ুদূষণ রোধে টাস্কফোর্স গঠনের পরিকল্পনা

ঢাবি প্রতিনিধি: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ঢাকার বায়ুদূষণের প্রভাবে আমরা সকলেই ক্ষতিগ্রস্ত হচ্ছি। বায়ুদূষণের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বর্তমান সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।

তিনি বলেন, বায়ুদূষণ রোধে ঢাকার সড়কসমূহের ডিভাইডারে শিগগিরই বৃক্ষরোপণ ও সবুজায়ন করা হবে। এছাড়া, টাস্ক ফোর্স গঠন এবং টাইম বাউন্ড অ্যাকশন প্ল্যানের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। বায়ুদূষণ রোধে জনসচেতনতা সৃষ্টির উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, এক্ষেত্রে নিজ নিজ অবস্থান থেকে সকলকে কাজ করতে হবে।

রবিবার (১২ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে বিজ্ঞান অনুষদ এবং ঢাকাস্থ মার্কিন দূতাবাসের যৌথ উদ্যোগে ‘এয়ার কোয়ালিটি রিসার্চ এবং এনভায়রনমেন্টাল পলিসি ডিসকাশন' শীর্ষক দিনব্যাপী এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালামের সভাপতিত্বে সেমিনারে যুক্তরাষ্ট্রের উইসকনসিন-ম্যাডিসন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জেমস জে. শাওয়ার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ঢাকাস্থ মার্কিন দূতাবাসের কর্মকর্তা অ্যামি ক্যাস অনুষ্ঠান সঞ্চালন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, পরিবেশ, মানবস্বাস্থ্য ও অর্থনীতির উপর বায়ুদূষণের ক্ষতিকর প্রভাব দিন দিন বেড়ে চলেছে। এর প্রভাবে নানাবিধ মারাত্মক রোগে মানুষ আক্রান্ত হচ্ছে। অকালমৃত্যু ও শিশুমৃত্যুর হার বাড়ছে। মানুষের কর্মদক্ষতা ও কর্মক্ষমতা হ্রাস পাচ্ছে। বায়ু দূষণ রোধে সচেতনতা সৃষ্টির পাশাপাশি সরকার ও বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে যৌথ সহযোগিতামূলক কার্যক্রম গ্রহণের উপর তিনি গুরুত্বারোপ করেন।

সেমিনারে যুক্তরাষ্ট্রের সেইন্ট লুইস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. বেনজামিন দে ফয় কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক জিলিয়াম বামগার্টনার ও মার্থা লি, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক শহীদ উজ-জামান, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন ড. আহমদ কামরুজ্জামান মজুমদার, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জাহিদুল কাইউম, ঢাকা বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগের প্রভাষক সামিহা নাহিয়ান এবং পরিবেশ অধিদপ্তরের বায়ুমান ব্যবস্থাপনা শাখার পরিচালক মো. জিয়াউল হক ঢাকা শহরের বায়ুর গুণগতমান ও বায়ুদূষণ বিষয়ক পৃথক পৃথক গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram