

সিলেট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলির জবাবে পাল্টা গুলিবর্ষণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। সোমবার বিকালে গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে বলে সিলেট ব্যাটালিয়ন-৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানিয়েছেন।
এ ঘটনায় কেউ হতাহত হননি, বর্তমানে সীমান্ত পরিস্থিতি ‘শান্ত ও স্থিতিশীল’ রয়েছে বলে নাজমুল হকের ভাষ্য।
মঙ্গলবার (১৯ মে) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল (১৮ মে) বিকেলে বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বপূর্ণ গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক গুলি ছোড়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিকভাবে কড়া প্রতিক্রিয়া জানিয়ে পাল্টা গুলিবর্ষণ করেছে। বিজিবির দৃঢ় ও পেশাদার পদক্ষেপের ফলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ঘটনার পরপরই সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করার কথা জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।
লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, সীমান্তে যে কোনো উসকানিমূলক ও অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ পেশাদারত্ব ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করছে বিজিবি।
স্থানীয় জনপ্রতিনিধি ও সীমান্তবর্তী জনসাধারণকে ‘অবৈধভাবে সীমান্ত অতিক্রম এবং সীমান্ত এলাকায় অননুমোদিত কর্মকাণ্ড থেকে’ বিরত থাকার জন্য সতর্ক করেছে বিজিবি।

