

শার্শা (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শায় পুলিশের পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ৯৯ বোতল কফ সিরাপ ও ৫১টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ।
শনিবার (১৪ নভেম্বর) রাতে উপজেলার কায়বা ইউনিয়নের পশ্চিমকোটা গ্রামের মাঝেরপাড়ায় প্রথম অভিযান চালায় পুলিশ। রাত সাড়ে ১১টার দিকে এসআই শেখ আল আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল ফয়সাল আহম্মেদ ইমন (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, অভিযানে ইমনের বসতঘরের শয়নকক্ষের খাটের নিচ থেকে ৭৯ বোতল WINCEREX ও ২০ বোতল ESKUF কফ সিরাপ উদ্ধার করা হয়। এ সময় তার এক সহযোগী পালিয়ে যান।
অন্যদিকে, একই রাতে পৌনে ১২টার দিকে উপজেলার শিকারপুর বাজারের বটতলা থেকে নারিকেলবাড়িয়াগামী পাকা সড়কের পাশে একটি চায়ের দোকানের সামনে অভিযান চালায় পুলিশের আরেকটি দল। এসআই মো. শরিফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে স্থানীয় লোকজনের সহায়তায় শিপন মোড়ল (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৫১টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, পৃথক দুই অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। রোববার তাদের আদালতে পাঠানো হয়েছে।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল হক জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদক ব্যবসা ও মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
