

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে ফুফার দোকানের কর্মচারীর ধাওয়া খেয়ে নিখোঁজের একদিন পর পায়ে কোমড়ে শিকল বাঁধা অবস্থায় শীতলক্ষ্যা নদী থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিহত যুবক ওসমান গণি (৩৫) উপজেলার বাহাদুরসাদী গ্রামের মৃত মতিউর রহমানের পুত্র।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, ওসমান গণির ফুফা একই গ্রামের বাবুল মিয়া তাকে মানসিক ভারসাম্যহীন বলে বাড়ীতে লোহার শিকলে বেঁধে রাখতো। শনিবার (১৪ নভেম্বর) বিকেলে বাবুলের দোকানের কর্মচারী মাসুম লাঠি নিয়ে ওসমানকে ধাওয়া করে। আতঙ্কিত ওসমান দৌড়ে পালাতে গিয়ে শীতলক্ষ্যা নদীতে ঝাঁপ দেয়। ওসমানকে পানিতে তলিয়ে যেতে দেখেও মাসুম তাকে উদ্ধার না করে ঘটনাস্থল থেকে চলে যায়। পরে বিষয়টি ফায়ার সার্ভিস ও থানা পুলিশকে জানালে তারা সন্ধ্যা পর্যন্ত উদ্ধার তৎপরতা চালিয়েও তার সন্ধান পায়নি। রোববার সকাল থেকে টঙ্গি ফায়ার সার্ভিসের ডুবুরি দল পুনরায় তল্লাশি শুরু করে দুপুর ২টার দিকে বাহাদুরসাদী এলাকা সংলগ্ন শীতলক্ষ্যা নদী থেকে শিকল পরা অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে।
নিহতের ফুফা বাবুল হোসেন বলেন, ওসমান আমার ছেলের মতো। সে ছাড়া তার পরিবারে আর কেউ নেই। দীর্ঘদিন ধরে সে মানসিক সমস্যায় ভুগছিল। সে বিভিন্ন স্থানে চুরি করে বেড়াত। তার নিরাপত্তার স্বার্থে শিকলে বেঁধে রাখতাম। তাকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে।
দোকান কর্মচারী মাসুম বলেন, তাকে বাড়িতে নেওয়ার সময় পালানোর চেষ্টা করলে আমি লাঠি নিয়ে দৌড়ানি দেই। সে দৌড়ে গিয়ে একটি নৌকায় উঠে নদীতে লাফ দেয়। এ সময় তার পায়ে ও কোমড়ে শিকল বাঁধা ছিল।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ইন্সপেক্টর (অপারেশন) মোঃ ইকবাল হোসেন জানান, ফায়ার সার্ভিসের সহায়তায় ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
