

শামসুল হক ভূঁইয়া, গাজীপুর: গাজীপুরের কাশিমপুর পশ্চিম শৈলডুবিতে সুপ্রিম গার্মেন্টস ও ডিবিএল কারখানার গোডাউনে লাগা আগুন সাড়ে ৩ ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৯ টি ইউনিট একযোগে কাজ করে দুপুর আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণ আনে৷
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ১১ টার দিকে ডিবিএল কারখানার সুতার গোডাউনে আগুন লাগে৷ আগুন মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে, ওই আগুন পাশের সুপ্রিম গার্মেন্টসের কার্টুনের গুদামে আগুন লাগে৷
অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে কাশিমপুর ফায়ার সার্ভিসের ৩ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় পরবর্তীতে ডিবিএলের একটি, ইপিজেড এর তিনটি, ভোগরা ফায়ার সার্ভিসের ২ টি ইউনিটসহ মোট ৯ টা ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে৷
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোঃ সাইদুল আলম চৌধুরী জানান, আমরা ৩৬০ ডিগ্রী এঙ্গেলে ফায়ার ফাইটিং টেকনিকে আগুন ঘিরে ধরেছিলাম। তবে পানির সংকটে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। সর্বশেষ ৯টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক কাজী নজমুজ্জামান জানান,আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক ভাবে বলা সম্ভব হচ্ছে না। ডাম্পিং কার্যক্রম শেষে তদন্ত কমিটি গঠন করা হবে। এর পরেই আগুন লাগার প্রকৃত কারণ ক্ষয়-ক্ষতির পরিমাণ জানাতে পারব। তবে এঘটনায় এখনো পর্যন্ত হতাহতের ঘটনা ঘটেনি।
