

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে বাঁশঝাড়ের ভিতরে থাকা ডোবার পানিতে ডুবে বায়েজিদ ইসলাম (০৬) নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার রমনা মডেল ইউনিয়নের পাত্রখাতা খন্দকার পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত বায়েজিদ ওই এলাকার আবু তাঁরা মিয়ার ছোট ছেলে বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, দুপুরে বাড়ির উঠানে অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল বায়েজিদ। খেলার সময় পরিবারের অজান্তে সবার নজর এড়িয়ে বাড়ির পাশের বাঁশ ঝারের ভিতরে থাকা ডোবায় পড়ে যায় সে। একসময় তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরবর্তীতে বাঁশঝাড়ের ভিতরে থাকা ডোবার পানিতে শিশুটিকে মৃত অবস্থায় ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। পরে শিশুটির পরিবার ও স্থানীয় লোকজন তার মরদেহ উদ্ধার করে।
চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নয়ন কুমার বলেন, বিষয়টি আমি মাত্র শুনলাম। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
