

‘আমি পোশাক (পুলিশ) লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই’— প্রকাশ্যে ঘুষ গ্রহণকে যৌক্তিক দাবি করে এমন মন্তব্যের একটি বিতর্কিত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় হবিগঞ্জের চুনারুঘাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ ইলিয়াস হোসাইনকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) রাতে পুলিশ প্রশাসন এএসআই ইলিয়াসকে হবিগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করে।
স্থানীয়রা জানায়, সম্প্রতি রানীগাঁও বাজারে একটি মামলার তদন্তে গিয়ে স্থানীয়দের সামনে তিনি ঘুষ নিয়ে বিতর্কিত মন্তব্য করেন।
ভিডিওতে এএসআই ইলিয়াস হোসাইনকে বলতে শোনা যায়, ‘কিছু রটে দেখেই তো কিছু বটে! কথা বুঝছো না? আমি যদি বলি, আমি পুলিশের দারোগা, আমি ঘুষ খাই না, আমি বায়তুল মোকাররমের ইমাম সাহেব, হইবো নাকি? আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই।’
পরে সেই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়।
স্থানীয়রা জানায়, মামলা তদন্তসহ বিভিন্ন কাজে ঘুষ দাবি এবং টাকা না দিলে হয়রানি ও ভয়ভীতি দেখানোর অভিযোগ রয়েছে এএসআই ইলিয়াসের বিরুদ্ধে। তবে এ বিষয়ে অভিযুক্তের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
