

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে আপন বড় ভাই নুর ইসলামসহ তার লোকজনের হামলায় ছোট ভাই নুর মোহাম্মদের (৫২) মৃত্যু হয়েছে। এ ঘটনায় বড় ভাই নুর ইসলাম ও শামিম বিন ইফতেখার বাবু নামের দুজনকে আটক করেছে পুলিশ।
আটককৃতদের সোমবার দুুপুরে লালমনিরহাট আদালতে সোপর্দ করেছে পুলিশ। এর আগে রবিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের দক্ষিণ বাড়াইপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, ওই এলাকার নুর মোহাম্মদ ওরফে ঢাকাইয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল আপন বড় ভাই নুর ইসলামের। রবিবার পূর্বের সেই বিরোধপূর্ণ জমি নিয়ে আবারও দ্বন্দ্বে জড়ায় দুই ভাই ৷ এর একপর্যায়ে বড় নুর ইসলামসহ তার লোকজনের সঙ্গে হাতাহাতি শুরু হয় নুর মোহাম্মদের। এ সময় নুর ইসলাম লাঠি দিয়ে ছোট ভাই নুর মোহাম্মদের বুকে আঘাত করলে তিনি মাটিতে লুটে পড়েন।
নুর মোহাম্মদের স্ত্রী পারভীন বেগম জানান, গুরুতর অবস্থায় যখন নুর মোহাম্মদকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয় সেখানে আবারো হামলা চালায় নুর ইসলামের লোকজন। এ সময় স্থানীয়দের সহযোগিতায় হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর হাসপাতালে প্রেরণ করেন ৷ পরে রংপুরে নেওয়ার মাঝপথেই নুর মোহাম্মদের মৃত্যু হয় ৷
এ বিষয়ে হাতীবান্ধা থানার ওসি আশরাফুজ্জামান সরকার বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।
