

মনীষ সরকার রানা, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উজান বোচাগাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৪৭ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় ঐ এলাকার শামছুল হকের ছেলে সুজন মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে উজান বোচাগাড়ী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) আহরাব আল আকাশ। এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস, এম আসিফ হাসান উপস্থিত ছিলেন।
এ সময় সার মজুতের বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র ও বৈধতার বিষয়টি যাচাই করা হয়। বৈধ কোন কাগজপত্র না থাকায়, সার মজুতের জন্য সুজন মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা ও ৪৭ বস্তা সার জব্দ করা হয়।
জব্দকৃত সার কৃষকদের মাঝে নির্ধারিত মূল্যে বিক্রি করে অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা করার বিষয়টি নিশ্চিত করেন উপজেলা প্রশাসন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষকদের জন্য বরাদ্দকৃত সার অবৈধভাবে মজুত, কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা বেশি দামে বিক্রির চেষ্টা করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কৃষকদের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
