

লালমনিরহাটের পাটগ্রামে ট্রাকের চাপায় অটোরিকশার ৩ জন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৭ জন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে বুড়িমারী লালমনিরহাট মহাসড়কে উপজেলার বুড়িমারী ইউনিয়নের ঘুন্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বুড়িমারী ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার মাছ ব্যবসায়ী নুর আমিন এবং একই ইউনিয়নের গুড়িয়াটারী এলাকার মাছ ব্যবসায়ী ফাতুল মিয়া ও ব্যবসায়ী সাইফুল ইসলাম।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুড়িমারী স্থলবন্দর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি অটোরিকশা পাটগ্রামের দিকে যাচ্ছিল। ঘুন্টি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা বুড়িমারী স্থলবন্দগামী একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়।
এ সময় ট্রাকটি পাশের দোকানে প্রবেশ করে ও অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও অন্তত ৮ জন যাত্রী।
খবর পেয়ে পাটগ্রাম ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মোস্তাকীন নামে আরও একজনের মৃত্যু হয়।
আহতদের মধ্যে ৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে এবং দুইজনকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হতাহতরা মাছ ও অন্যান্য মালামাল আনতে পাটগ্রাম যাচ্ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। এখন পর্যন্ত ৩ জন নিহত ও ৭ জন আহতদের খবর পাওয়া গেছে।
