ঢাকা
logo
প্রকাশিত : September 17, 2026

ময়মনসিংহ জেলা পরিষদ প্রশাসকের ডেঙ্গু ও হাম সচেতনতায় লিফলেট বিতরণ ও পরিচ্ছন্নতা অভিযান

ময়মনসিংহ প্রতিনিধি: ডেঙ্গু সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ময়মনসিংহ জেলা পরিষদের উদ্যোগে নগরীতে লিফলেট বিতরণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ কামরুল হুদা, নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাসসহ জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা জেলা পরিষদ কার্যালয় থেকে পদযাত্রা শুরু করেন। তারা বিভাগীয় কমিশনারের কার্যালয়, বাতির কল মোড়, জজকোর্ট মোড়, টাউন হল মোড়, কাশীকিশোর জেলা পরিষদ স্টাফ কোয়ার্টারসহ নগরীর বিভিন্ন এলাকায় ডেঙ্গু ও হাম প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন এবং পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেন। এসময় এডিস মশা নিধনে ফগার মেশিন দিয়ে ঔষধ ছিটানো হয়।

এ সময় জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স নগরবাসীকে নিজ নিজ বাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার পাশাপাশি বাড়িঘর ও আশপাশে পানি জমতে না দেওয়া এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা জরুরি। তিনি বলেন, বিশেষজ্ঞদের মতে সেপ্টেম্বর, অক্টোবর মাসে দেশব্যাপী ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়বে। এসময়ে এডিস প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে।

তিনি বলেন, “ময়মনসিংহ জেলা পরিষদ তিন মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করবে। জেলা পরিষদের নিজস্ব স্থাপনাসমূহ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি নগরবাসী ও এলাকাবাসীর বাসাবাড়ি এবং জেলা পরিষদের বাস্তবায়িত ও বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্পের প্রকল্প এলাকাতেও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে ময়মনসিংহ জেলা পরিষদ এই বিশেষ সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করেছে।”

তারা কাশীকিশোর জেলা পরিষদ স্টাফ কোয়ার্টারে গিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন ও তদারকি করেন। এ সময় ডেঙ্গুতে আক্রান্ত জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের বাসায় গিয়ে তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন। জেলা পরিষদের প্রশাসক আক্রান্ত কর্মকর্তা-কর্মচারীদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের পক্ষ থেকে সচেতনতা ও পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়াও তিনি দুপুরে তারাকান্দায় জেলা পরিষদের ডাক বাংলোর চলমান সংস্কার কাজ, জেলা পরিষদের মার্কেট ও হালুয়াঘাটের ধারা বাজারে জেলা পরিষদের মার্কেটের জায়গা পরিদর্শন করেন। বিকেলে তিনি হালুয়াঘাটের গাজীর ভিটা ইউনিয়নের চৌরাস্তায় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram