ঢাকা
logo
প্রকাশিত : September 17, 2026

চিতলমারীতে গোলফলের কদর; গুড় তৈরিতে মিলছে বাণিজ্যিক সম্ভাবনা

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারী উপজেলার সীমানা ঘেঁষে বয়ে গেছে চিত্রা নদী। এই নদীর দুইপাড়ে জেগে ওঠা বিস্তীর্ণ চর ও আশপাশের গ্রাম জুড়ে প্রাকৃতিকভাবেই গড়ে উঠেছে সুন্দরবনের নানা গাছপালা। যা স্থানীয়দের কাছে এখন পরিচিত মিনি সুন্দরবন নামে। চিত্রার দুই পাড়ে এখন যতদূর চোখ যায়, শুধুই সবুজের সমারোহ। সুন্দরী, কেওড়া, গেওয়া ও গরানের পাশাপাশি এখানে মাথা তুলে দাঁড়িয়েছে অসংখ্য গোলগাছ। বর্তমানে এসব গাছে ঝুলছে থোকায় থোকায় গোলফল, যা নদীর পাড়ের মানুষের আয়ের নতুন পথ উন্মোচন করেছে।

স্থানীয়রা জানান, চিত্রাপাড়ের এই প্রাকৃতি বনাঞ্চলে গোলগাছের সংখ্যাই সবচেয়ে বেশি। তালের মতো শাঁসযুক্ত ও সুস্বাদু হওয়ায় এই গোলফলের চাহিদা দিন দিন বাড়ছে। গ্রামের সীমানা ছাড়িয়ে শহরের মানুষের কাছেও ফলটির কদর এখন তুঙ্গে। এর পাশাপাশি খাঁটি রস থেকে তৈরি উন্নতমানের গুড় ও গোলপাতার বহুমুখী ব্যবহার এলাকাটিতে বিকল্প আয়ের স্থায়ী উৎস হয়ে উঠতে পারে বলে মনে করছেন সবাই।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সিফাত-আল-মারুফ জানান, গোলফল অনেকের কাছেই অত্যন্ত প্রিয় একটি খাবার। এর রস থেকে সম্পূর্ণ ভেজালমুক্ত ও স্বাস্থ্যসম্মত গুড় তৈরি সম্ভব। চিত্রাপাড়ের কৃষকরা যদি বাণিজ্যিকভাবে গোল থেকে গুড় তৈরি করতে আগ্রহী হন, তবে কৃষি বিভাগের পক্ষ থেকে তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সব ধরনের সহায়তা প্রদান করা হবে।

বাগেরহাট সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. শাহিন কবির জানান, চিত্রাপাড়ের এই মিনি সুন্দরবন এলাকাটি অত্যন্ত সম্ভাবনাময়। প্রাকৃতিকভাবে গড়ে ওঠা সুন্দরবনের এসব গাছপালা স্থানীয় ইকো-সিস্টেম রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গোলগাছ থেকে গুড় তৈরিসহ বিভিন্ন উপায়ে স্থানীয়দের জীবিকা সংস্থানের সুযোগ রয়েছে। তবে এর বাণিজ্যিক ব্যবহারের পাশাপাশি এই জীববৈচিত্র্য ও প্রাকৃতিক বনাঞ্চল রক্ষায় স্থানীয় সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram