

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে নিরাপদ ও বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে ১ লক্ষ লিটার ধারণক্ষমতার একটি নিরাপদ পানির ট্যাংক পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ‘সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্প’- এর আওতায় প্রায় ২ কোটি ১১ লক্ষ টাকা ব্যয়ে এই পানির ট্যাংকটি নির্মাণ করা হয়। প্রকল্প বাস্তবায়নে ৩ নং সিংড়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে রেজ্যুলেশনের মাধ্যমে ৬ শতাংশ জমি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।
জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয় সূত্রে জানা গেছে, প্রকল্প এলাকায় দীর্ঘদিন ধরে বিদ্যমান নিরাপদ ও বিশুদ্ধ পানির সংকট মোকাবিলায় পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহের এই উদ্যোগ নেওয়া হয়। বর্তমানে এর পরীক্ষামূলক সরবরাহ শুরু হয়েছে এবং এরই মধ্যে প্রায় ৩০০ জন গ্রাহক সংযোগ গ্রহণ করেছেন। এ প্রকল্পের আওতায় প্রাথমিক অবস্থায় প্রায় ৩০০ গ্রাহককে সংযোগ দেওয়া হলেও আগামী ১ বছর তাদের কাছ থেকে পানির কোনো বিল নেওয়া হবে না। তবে প্রকল্পের নিয়মিত পরিচালনা ও রক্ষণাবেক্ষণের উদ্দেশ্যে ইউপি চেয়ারম্যান এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলীসহ গঠিত ৫ সদস্যের একটি পরিচালনা কমিটি চাইলে অল্প পরিমাণ সার্ভিস চার্জ নির্ধারণ করে আদায় করতে পারবে।
উপজেলার রানীগঞ্জ বাজারের এক টি স্টোরের স্বত্বাধিকারী সুরুজ্জামান মিয়া বলেন, “পানির এই ব্যবস্থা চালু হওয়ায় আমরা অত্যন্ত খুশি। তবে পানি সরবরাহ যেন নিয়মিত থাকে এবং পানির গুণগত মান বজায় থাকে, সেদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি রাখা প্রয়োজন।”
অপর এক স্থানীয় বাসিন্দা মাসুদ রানা জানান, “রানীগঞ্জ বাজার এলাকায় নিরাপদ পানির উৎসের তীব্র ঘাটতি ছিল। এখন পাইপলাইনের মাধ্যমে ঘরে বসে বিশুদ্ধ পানি পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত হলে এলাকার সাধারণ মানুষের দারুণ উপকার হবে।”
এ বিষয়ে কথা হলে ৩ নং সিংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন বলেন, “এটি আমাদের এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল। জনস্বার্থের কথা বিবেচনা করেই ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ৬ শতাংশ জমি ছেড়ে দেওয়া হয়েছে। মানুষের নিরাপদ পানির চাহিদা পূরণ হলে আমাদের এই উদ্যোগ সার্থক হবে। আশা করছি এটি দ্রুত পূর্ণাঙ্গভাবে চালু করে আরও বেশি মানুষকে সুবিধার আওতায় আনা সম্ভব হবে।”
এ ব্যাপারে ঘোড়াঘাট উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মোকাররম হোসেন জানান, “সারাদেশে নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করার কেন্দ্রীয় লক্ষ্য থেকেই প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে। বর্তমানে এটি আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষায় থাকলেও পরীক্ষামূলকভাবে চালু রাখা হয়েছে। কার্যক্রম পূর্ণাঙ্গ রূপ পেলে আরও বহু পরিবার, ব্যবসাপ্রতিষ্ঠান ও সামাজিক-সরকারি প্রতিষ্ঠানকে এর আওতায় এনে নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে।”
