

মতিয়ার রহমান মধু, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা ও শ্যামনগরে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) ভোর ও সকালে পৃথক সময়ে এ দুটি দুর্ঘটনা ঘটে।
সাতক্ষীরা শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন ঝালমুড়ি বিক্রেতা মো. ইউনুস হোসেন। রোববার ভোর ৬টার দিকে শহরের কামালনগর গোরস্থানের পাশে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে ঝালমুড়ি বিক্রির উদ্দেশ্যে নিজের ভ্যানগাড়ি প্রস্তুত করছিলেন ইউনুস হোসেন। এ সময় বাড়ির টিনের চালে বিদ্যুৎ সংযোগ থাকায় ভ্যানগাড়িটিও বিদ্যুতায়িত হয়ে যায়। ভ্যানগাড়িতে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ইউনুস হোসেন সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ঝালমুড়ি বিক্রি করতেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
অন্যদিকে, শ্যামনগর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রাজ্জাক (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার সকাল ৯টার দিকে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের ছোটভেটখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে নিজ বাড়িতে বিদ্যুতের কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন আব্দুর রাজ্জাক। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি ছোটভেটখালী গ্রামের বাসিন্দা। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাফিউল ইসলাম পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
