ঢাকা
logo
প্রকাশিত : August 17, 2026

শেখ হাসিনা আসুক, বিএনপি এটাই চায়: নিলুফার চৌধুরী মনি

জামালপুর প্রতিনিধি: শেখ হাসিনা দেশে ফিরে আসুক, বিএনপি এমনটাই চায় বলে মন্তব্য করেছেন দলটির স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নেত্রী নিলুফার চৌধুরী মনি।

তিনি বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরলে আইনের আওতায় থেকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন। আদালতে যে রায় হবে, বিএনপি ও সবাইকে সেটি মেনে নিতে হবে। বিএনপি প্রতিশোধে বিশ্বাস করে না, আইনের শাসন ও বিচারে বিশ্বাস করে বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় জামালপুর শহরের বাগের হাটা এলাকায় বৃক্ষরোপণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রসঙ্গে নিলুফার চৌধুরী মনি বলেন, ‘উনাকে (শেখ হাসিনা) এই দেশে ফেরত আনার জন্য ইন্টেরিম সরকারও চেয়েছিলেন, এই সরকারও চাচ্ছেন। চিঠিপত্র চালাচালি হচ্ছে, আপনারা দেখেছেন, শুনছেন প্রতিদিন। উনি আসুক, আমরা তো এটাই চাই, বিএনপি তো এটাই চায়। উনি আসুক, আইনের আওতার মধ্যে থেকে উনি যা কিছু করার উনি করতে পারবেন। উনি আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন। কিন্তু বিচারে যা হয়েছে সেটাকেই মেনে নিতে হবে। বিচারে যা হবে, বিচারের রায় যেভাবে হবে সেটাকেই মেনে নিতে হবে।’

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য তুলে ধরে তিনি বলেন, ‘উনি (তারেক রহমান) বারবার যে কথাটা বলেন সেটা হচ্ছে যে উনি প্রতিশোধে বিশ্বাস করেন না, বিএনপি কখনোই প্রতিশোধে বিশ্বাস করে না। আইনে বিশ্বাস করে, বিচারে বিশ্বাস করে। বিচারে যেটা হবে বিএনপি সেটাই সবসময় মেনে নেয়।’

নাশকতার বিষয়ে তিনি বলেন, ‘বিএনপি সম্পূর্ণ প্রস্তুত আছে যেকোনো নাশকতার মোকাবিলা করার জন্য। বিএনপি সবসময় বিএনপির জন্মলগ্ন থেকে অন্যায়ের প্রতিবাদ করে এসেছে আর নাশকতার প্রতিরোধ তো অবশ্যই করবে।’

শেখ হাসিনা প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমরা কেউই, বাংলাদেশের কোনো মানুষই বিচার বিভাগের ঊর্ধ্বে না, আইনের ঊর্ধ্বে না। এই কথাটা আমাদের প্রত্যেককেই মানতে হবে।’

ভারতের কাছে আসামি ফেরত চাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘আমরা যেটা নিজেরা চাই, আমরা পাশের দেশকে বলছি আমাদের আসামিকে ফেরত দাও। সেখানে আসামি যদি আসতে চায়, ভালো। আসামিকে একজন আসামিকে যেভাবে টেক কেয়ার করার কথা, বাংলাদেশ সরকার সেভাবেই টেক কেয়ার করবে।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিলুফার চৌধুরী মনি বলেন, ‘ভারত আমাদের প্রতিবেশী, তাদেরকে আমরা বাতিল করতে পারব না, বন্ধ করতে পারব না। আমাদের বিভিন্ন সমস্যা তুলে ধরতে হবে, বুঝাতে হবে এবং সেটার একটা চুক্তি হবে, আলোচনা হবে।’

তিনি আরও বলেন, ‘যে এটার বিচার না হলে আমি যাব না, এটার বিচার না হলে আমি এটা করব না সেটা আমি মনে করি না। আমাদের তিন দিকে ভারত, এটাও আমাদের বুঝতে হবে।’

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram