ঢাকা
logo
প্রকাশিত : August 16, 2026

রাজবাড়ীর অভিজাত মার্কেটে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে ২ লাখ টাকা জরিমানা

এম মনিরুজ্জামান, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ী জেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত আইয়ুব-হিলটপ সুপার মার্কেটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা এবং মার্কেটের ম্যানেজার ওলিউর রহমানকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১৬ আগস্ট) বিকেলে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পায়রা চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৪ আগস্ট বাবুল মিয়া নামে এক ক্রেতা আইয়ুব-হিলটপ সুপার মার্কেট থেকে দুই প্যাকেট দুধ কেনেন। পরদিন একটি প্যাকেটের দুধ শিশুকে খাওয়ানোর পর শিশুটি অসুস্থ হয়ে পড়ে। পরে হাসপাতালে নেওয়ার পর দুধের প্যাকেট পরীক্ষা করে তিনি দেখতে পান, পণ্যটির মেয়াদ ইতোমধ্যে শেষ হয়ে গেছে।

বিষয়টি জানিয়ে ১৬ আগস্ট মার্কেট কর্তৃপক্ষ ও প্রশাসনের কাছে অভিযোগ করেন ওই ক্রেতা। অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও সংরক্ষণের প্রমাণ পায়। এ সময় বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ করা হয়।

পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ও ৫৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা অর্থদণ্ড এবং প্রতিষ্ঠানের ম্যানেজার ওলিউর রহমানকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য কুমার প্রামাণিকসহ সদর থানা পুলিশের একটি দল সহযোগিতা করে। দণ্ডপ্রাপ্ত ওলিউর রহমান সদর উপজেলার বানিবহ ইউনিয়নের বার্থা গ্রামের আব্দুর রহমান খানের ছেলে।

আইয়ুব-হিলটপ সুপার মার্কেটের মালিক আইয়ুব তুষার বলেন, প্রশাসনের অভিযানকে তিনি স্বাগত জানান। মার্কেটে সরবরাহ করা কিছু পণ্যের মেয়াদোত্তীর্ণ হওয়া বা অন্যান্য সমস্যার বিষয়ে সংশ্লিষ্ট সরবরাহকারীদের আইনি নোটিশ দেওয়া হয়েছে এবং বিষয়টি চেম্বার অব কমার্সকেও জানানো হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে আরও সতর্কতা নেওয়া হবে।

সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পায়রা চৌধুরী বলেন, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও সংরক্ষণের অভিযোগের ভিত্তিতে আইয়ুব-হিলটপ সুপার মার্কেটে অভিযান চালানো হয়। অভিযানে বিভিন্ন মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও সংরক্ষণের প্রমাণ পাওয়া গেছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযান শেষে জব্দ করা মেয়াদোত্তীর্ণ পণ্যগুলো ধ্বংসের জন্য সদর উপজেলার শ্রীপুর পৌরসভার ডাম্পিং এলাকায় নিয়ে যাওয়া হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram