

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: তাইওয়ানের ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফেকশিয়াস ডিজিসেস এন্ড ভ্যাকসিনোলজি এর বাংলাদেশী ভ্যাকসিন সায়েন্টিস্ট ড. এ টি এম বদরুজ্জামানকে সংবর্ধনা দিয়েছে গৌরীপুর প্রেসক্লাব।
শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সংবর্ধনা দেয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. এ টি এম বদরুজ্জামান বলেন, ভ্যাকসিন বা টিকা হলো সংক্রামক রোগ প্রতিরোধের সবচেয়ে নিরাপদ ও কার্যকর মাধ্যম। এটি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে এবং প্রাণঘাতী রোগ থেকে রক্ষা করতে সাহায্য করে। আমাদের ভ্যাকসিন বাইরে থেকে আমদানি করতে হয়। যদি আমরা বাংলাদেশে আধুনিক ভ্যাকসিন গবেষণা ও উৎপাদনের সক্ষমতা গড়ে তুলতে পারি তাহলে একদিন বাংলাদেশ একদিন ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে এবং মেড ইন বাংলাদেশ ভ্যাকসিন বিশ্ব বাজারে জায়গা করে নেবে। তখন ভ্যাকসিনের জন্য আমাদের আরা বিদেশ নির্ভর হতে হবে না।
ড. এ টি এম বদরুজ্জামান বলেন, আমি গৌরীপুরের মাটিতে বেড়ে উঠা মানুষ। ভ্যাকসিন গবেষণার কাজে বিদেশে থাকলেও নিজের শেকড় গৌরীপুর মানুষ ও বিশেষ করে তরুণ সমাজের জন্য কিছু করতে চাই। আমরা যদি তরুণদের আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত করে দক্ষ ব্যক্তি হিসেবে গড়ে তুলতে পারি তাহলে দেশ অনেক এগিয়ে যাবে।
সভায় সভাপতিত্ব করেন গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি বেগ ফারুক আহাম্মেদ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম।
অতিথিদের মধ্যে বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পু, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল, সহসভাপতি আবিদ হাসান রাহাত, উপজেলা বিএনপির সদস্য আনিছুর রহমান, প্রেসক্লাবের সহসভাপতি কমল সরকার, সাবেক আহ্বায়ক মো. রইছ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আলী হায়দার রবিন, মশিউর রহমান কাউসার, শেখ বিপ্লব, সহ সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, অর্থ সম্পাদক শামীম খান, শিল্প সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফারুক আহাম্মদ, প্রবীণ সাংবাদিক সুপ্রিয় ধর বাচ্চু, ভাস্কর এম এ মাসুদ, পৌর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, পৌর ছাত্রদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম রক্তিম, বিশিষ্ট ব্যবসায়ীয় মোজাম্মেল হক রুবেল, যুবদল নেতা মো. আব্দুল্লাহ, জহিরুল ইসলাম রমজান প্রমুখ।
