

শহিদ জয়, যশোর: যশোরের বাঘারপাড়ায় একই পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই বোনসহ তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) বেলা ১১ টার দিকে উপজেলার জামদিয়া ইউনিয়নের জামদিয়া দক্ষিণপাড়ায় ইকরাম মোল্যার পুকুরে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহতরা হলো জামদিয়া দক্ষিণপাড়ার আশিকুর রহমানের মেয়ে ফাহিমা আক্তার (১০) এবং নিছার আলীর দুই মেয়ে লামিয়া আক্তার (১৩) ও সুলতানা খাতুন (১০)।
স্থানীয়রা জানান, শুক্রবার বেলা ১১টার দিকে তিন শিশু একসঙ্গে বাড়ির পাশের ওই পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা পুকুরে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পানির নিচ থেকে তিন শিশুকে উদ্ধার করে দ্রুত বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন।
একই পুকুরে একই সময়ে গোসল করতে নেমে তিন শিশুর এমন করুণ মৃত্যুতে জামদিয়া দক্ষিণপাড়ায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারি আর কান্নায় ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। দুই বোন লামিয়া ও সুলতানাকে হারিয়ে শোকে স্তব্ধ তাদের পরিবার। একই ঘটনায় ফাহিমার পরিবারেও চলছে আহাজারি।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাজালাল আলম জানান, নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তিন শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিন শিশুর আকস্মিক মৃত্যুতে জামদিয়া ইউনিয়নজুড়ে নেমে এসেছে গভীর শোক। স্বজন ও এলাকাবাসী বলছেন, মুহূর্তের অসাবধানতায় একই পরিবারের দুই শিশুসহ তিনটি নিষ্পাপ প্রাণ ঝরে যাওয়ার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়।
