

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারী উপজেলার অদম্য মেধাবী কিশোর স্বস্তিদ্বীপ বিশ্বাসের (১৬) এসএসসি পরীক্ষায় এসেছে ‘গোল্ডেন জিপিএ-৫। কিন্তু নিজের এই অভাবনীয় সাফল্যের খবর আর জানা হলো না তার। ফলাফল প্রকাশের মাত্র ২০ দিন আগে, গত ২১ জুলাই দুরারোগ্য থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হয়ে খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করে সে।
গত রবিবার প্রকাশিত ফলাফল অনুযায়ী, যশোর বোর্ডের অধীনে চিতলমারীর চরবানিয়ারী মডেল উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিয়ে সবকটি বিষয়ে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে স্বস্তিদ্বীপ। সে স্থানীয় জোবাই মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র বিশ্বাসের একমাত্র সন্তান ছিল। ছোটবেলা থেকেই থ্যালাসেমিয়ার অমানসিক যন্ত্রণা সহ্য করেও পড়াশোনায় সেরা সাফল্য ধরে রেখেছিল স্বস্তিদ্বীপ। শুধু পড়াশোনাই নয়, দাবার বোর্ডেও ছিল তার সমান পারদর্শিতা। বিদ্যালয়ের হয়ে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের দাবা প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল এই কিশোর। সন্তানের এমন ফলাফলে কান্না থামছে না মা-বাবার, শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।
চরবানিয়ারী মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রঞ্জন কুমার বাড়ৈ জানান, স্বস্তিদ্বীপ ছিল অদম্য মেধাবী একজন শিক্ষার্থী। প্রতিভাবান এই শিক্ষার্থী পড়া-লেখায় যেমন সব সময় কৃতিত্ব অর্জন করেছে তেমনি খেলাধুলায়ও সে ছিল অত্যন্ত দক্ষ। তার অকাল মৃত্যুতে পিতা-মাতা, শিক্ষক ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া বিরাজ করছে।
